সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Logo
×

নীরবেই মুক্তি পাচ্ছে বুবলীর সিনেমা

প্রথম সমাচার ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

সরকারি অনুদানের সিনেমার ক্ষেত্রে বেশিরভাগ চিত্রই এমন হয়। এবারও তার ব্যতিক্রম নয়। একদিকে যেমন সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সিনেমার কাজ শেষ হয় না, অন্যদিকে সিনেমার মুক্তি নিয়েও দেখা যায় কালক্ষেপণ। আবার অনেক সিনেমা অনুদানের টাকা খেয়ে ফেলে সিনেমাই আর শেষ করতে পারেন না। অনুদানের এমন অনেক সিনেমাই রয়েছে, যেগুলো অন্ধকারে মুখ থুবড়ে পড়ে আছে। সময়ের আলোচিত অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীর প্রথম সরকারি অনুদানের সিনেমার চিত্রটাও অনেকটা একই রকম। প্রথমে এর নাম ছিল ‘পুলসিরাত’। এই নামেই ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুমোদন পায় চলচ্চিত্রটি।

অনেক ঝক্কি-ঝামেলার মধ্যেই শুটিং-ডাবিং-এডিটিং পর্ব শেষ করে সেন্সরে জমা দেওয়া হয়। সেখানে বাদ সাধে প্রিভিউ কমিটি। পরবর্তী সময়ে ‘পুলসিরাত’ থেকে সিনেমার নাম করা হয় ‘সর্দার বাড়ির খেলা’। এই নামেই আগামী ৮ মে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলে জানায় পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া। তাদের ফেসবুক পেজে ছবিটির ট্রেলার প্রকাশ করে ছবির মুক্তি ঘোষণা করা হয়। তবে পরিতাপের বিষয় হলো, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে ট্রেলার প্রকাশ করা হলেও অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজক কেউই সামাজিক মাধ্যমে সিনেমার ট্রেলার শেয়ার করেননি।

লোকজ সংস্কৃতির ঐতিহ্যবাহী লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় তুলে ধরা হয়েছে লাঠিয়ালদের সংগ্রামী জীবনের গল্প। এর মাধ্যমে প্রথমবারের মতো দেখা যাবে শবনম বুবলী ও জিয়াউল রোশানকে। সিনেমাটির ট্রেলারে দেখা গেছে, নামকরা লাঠি খেলোয়াড় রোশান। কিন্তু অভাবের সংসারে জীবন চালাতে হিমশিম খেতে হয় তাকে। আসগরের কাছে ঘরের পাতিল বন্ধক রেখে টাকা নেয় সে। তবে আসগরের চোখ পড়ে রোশানের স্ত্রী তরুলতার ওপর। একসময় টাকা উপার্জনের জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয় তরুলতা। কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার নাম করে তাকে বিক্রি করে দেয় দালালরা। এমন চরিত্রে অভিনয় করেছেন বুবলী।

রাখাল সবুজ পরিচালিত সিনেমাটি এর আগে গত বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েও সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। এতে আরও দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও আজাদ আবুল কালাম প্রমুখ। শবনম বুবলী এখন মিডিয়া থেকে অনেকটা আড়ালে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে এ বিষয়ে চিত্রনায়ক জিয়াউল রোশান বলেন, ‘সিনেমাটির মুক্তির ঘোষণা কিংবা ট্রেলার প্রকাশ সম্পর্কে আমাকে আগে জানানো হয়নি। এ কারণেই প্রচারণায় নেই। এ ছাড়া মুক্তির তারিখও পরিবর্তন হতে পারে। আরও কিছু বিষয় আছে। তাই আপাতত অপেক্ষা করছি। সবকিছু ঠিক হলে প্রচারণায় যুক্ত হব।’

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...