গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পটুয়াখালী ও চট্টগ্রামের তিনটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে নতুন সভাপতি মনোনয়ন দেওয়া হয়েছে।
গত ৩ মে ২০২৬ তারিখে বাংলাদেশ সচিবালয় থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. নুরুল হক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
আর পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পটুয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলতাফ হোসেন চৌধুরী।
স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সুশান্ত কুমার মাহাতোর স্বাক্ষরে জারি হয় প্রজ্ঞাপনটি। সরকারের এই সিদ্ধান্তের ফলে উল্লিখিত তিনটি হাসপাতালে প্রশাসনিক নেতৃত্বে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
