তেহরান: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে এক নজিরবিহীন শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহদি তাজ সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন ভূখণ্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ইরানের সামরিক শাখা ‘ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)-কে কোনো প্রকার অপমান বা অসম্মান করা যাবে না। এ বিষয়ে ফিফার কাছ থেকে সুস্পষ্ট নিশ্চয়তা বা ‘গ্যারান্টি’ দাবি করেছে ইরান।
সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে হেনস্তার শিকার হন মেহদি তাজ। আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মাঝ আকাশেই তাঁর ভিসা বাতিল করে কানাডা সরকার, যার ফলে ভ্যাঙ্কুভার বিমানবন্দর থেকেই তাঁকে ফিরে আসতে হয়। উল্লেখ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র আইআরজিসি-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ইরান তাদের জাতীয় মর্যাদা ও সামরিক বাহিনীর সম্মান রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে।
মঙ্গলবার তেহরানে এক সমাবেশে মেহদি তাজ বলেন, “আমরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি এবং সেখানে খেলতে যাচ্ছি। আমাদের আয়োজক হলো ফিফা, কোনো নির্দিষ্ট দেশ বা সরকার নয়। আমাদের সফরের সময় যেন আমাদের দেশের প্রতীক, বিশেষ করে আইআরজিসি-কে কেউ অপমান করতে না পারে, ফিফাকে সেই গ্যারান্টি দিতে হবে।” তিনি আরও যোগ করেন যে, মানসিক শান্তির জন্য এই নিশ্চয়তা অত্যন্ত জরুরি।
২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে মেহদি তাজের প্রবেশ নিয়ে শঙ্কা রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করেছেন যে, ইরানের ফুটবলারদের নিয়ে আপত্তি না থাকলেও আইআরজিসি সংশ্লিষ্ট কাউকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না। মেহদি তাজ এক সময় এই বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, যা তাঁর সফরকে অনিশ্চিত করে তুলেছে।
আগামী ২০ মে জুরিখে ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমের সাথে ইরানি প্রতিনিধিদলের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে বিশ্বকাপ প্রস্তুতি এবং এই নিরাপত্তা ও সম্মানের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ফিফা এই রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতা কীভাবে সামাল দেয়, এখন সেটিই দেখার বিষয়।
