দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার (৬ মে) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করেছে, তারা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে ১৭টি পৃথক হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ জানায়, এসব হামলায় ড্রোন ও রকেট ব্যবহার করা হয়েছে। গোষ্ঠীটির যোদ্ধারা আল-কান্তারা, আল-বায়াদাহ, আল-তায়বে, নাকুরা, রিশাফ এবং আয়তা আল-শাব এলাকায় অবস্থানরত ইসরাইলি সেনা ও সামরিক যানবাহনের বহরকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলি বাহিনীর অবস্থান ও সমাবেশস্থলগুলোকে ক্ষতিগ্রস্ত করাই ছিল এসব অভিযানের মূল উদ্দেশ্য। একই সঙ্গে ইসরাইলি সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ওপরও সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
হিজবুল্লাহর দাবি অনুযায়ী, আল-কুজা এলাকায় ইসরাইলি বাহিনীর একটি সেনা বহনকারী যান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এছাড়া আল-কান্তারা এলাকায় ইসরাইলি বাহিনীর নবনির্মিত একটি কমান্ড সেন্টার ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়েছে।
গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি আগ্রাসন প্রতিহত করতেই এই পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। তবে এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলি বাহিনীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে সীমান্তজুড়ে পাল্টাপাল্টি হামলার ঘটনায় অঞ্চলটিতে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।
সূত্র: আল-জাজিরা।
