২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নির্ধারিত সময়ের প্রায় ৪০ দিন আগেই স্কুল ছুটির ঘোষণা দিয়েছে মেক্সিকো সরকার। এ সিদ্ধান্তে দেশজুড়ে অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে তীব্র সমালোচনা দেখা দিয়েছে।
মেক্সিকোর শিক্ষামন্ত্রী মারিও ডেলগাডো জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষ আগামী ৫ জুন শেষ করা হবে। বিশ্বকাপের প্রস্তুতি ও কয়েকটি অঞ্চলে তীব্র তাপপ্রবাহের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে এর পরিবর্তে আগামী শিক্ষাবর্ষ কিছুটা আগে শুরু করার বিষয়টি বিবেচনায় রয়েছে।
আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। এবারের আসর যৌথভাবে আয়োজন করবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা।
তবে সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকেরা বলছেন, দীর্ঘ ছুটির কারণে সন্তানদের দেখাশোনায় অতিরিক্ত খরচ ও ভোগান্তিতে পড়তে হবে। শিক্ষা বিশ্লেষকরাও আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এতে ২ কোটির বেশি শিক্ষার্থীর পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্য আরও বাড়বে।
এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম জানিয়েছেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি না হয়, সেটি নিশ্চিত করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
