দক্ষিণ লেবাননে হিজবোল্লাহর বিস্ফোরক ড্রোন হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তার নাম ক্যাপ্টেন মাওজ ইসরায়েল রেকানাতি, বয়স ২৪ বছর। তিনি গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের একজন প্লাটুন কমান্ডার ছিলেন এবং ইতামার শহরের বাসিন্দা ছিলেন।
একই হামলায় দক্ষিণ লেবাননে একজন বেসামরিক ঠিকাদারও প্রাণ হারান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হেজবোল্লাহর দুটি ড্রোন ভূপাতিত করেছে, যেগুলো পশ্চিম গ্যালিলির বেশ কিছু সীমান্ত এলাকায় সাইরেন বাজিয়েছিল।
এছাড়া হেজবোল্লাহ কয়েকটি রকেট ও মর্টারও নিক্ষেপ করে, যেগুলো বাহিনীর কাছাকাছি আঘাত করলেও অতিরিক্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ক্যাপ্টেন রেকানাতি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে দক্ষিণ লেবাননে সপ্তম ইসরায়েলি সেনা হিসেবে নিহত হলেন এবং ইরান যুদ্ধে শত্রুতা বৃদ্ধির পর থেকে তিনি বিংশতম নিহত সেনা।
সামরিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হেজবোল্লাহ সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে ফাইবার অপটিক-গাইডেড ড্রোন ব্যবহার করছে, যা ইলেকট্রনিক জ্যামিং-প্রতিরোধী হওয়ায় প্রতিহত করা অত্যন্ত কঠিন। এই প্রযুক্তি ইসরায়েলের জন্য ক্রমশ বড় সামরিক হুমকি হয়ে উঠছে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে মার্কিন-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে হেজবোল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে। এরপর থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান অব্যাহত রয়েছে।
যুদ্ধবিরতি ঘোষণা হলেও সংঘাত পুরোপুরি থামেনি এবং উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এখনো বিদ্যমান।
রয়া নিউজ/টাইমস অব ইজরায়েল
