পার্বত্য চট্টগ্রামের গুইমারা অঞ্চলে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (মূল) দলের তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় একটি একে-২২ রাইফেল, গুলি ও চাঁদাবাজির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার (১৭ মে) দুপুরে গুইমারা রিজিয়নের আওতাধীন বুদংছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর সদস্যরা বুদংছড়া এলাকায় দুইটি মোটরসাইকেলে করে যাওয়া কয়েকজন সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিকে থামানোর চেষ্টা করলে তারা সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। পরে আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।
এ ঘটনায় ইউপিডিএফ (মূল) দলের সদস্য সাথোয়াই মারমা (৩২) গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে রনেল চাকমা (২৮) ও সার্চিং মারমা ওরফে রাজু (২২) নামের আরও দুইজনকে আটক করা হয়। আটক রনেল চাকমাকে সংগঠনটির পোস্ট কালেক্টর হিসেবে উল্লেখ করেছে আইএসপিআর।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি, একটি ব্যবহৃত কার্তুজ এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ সাথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পুলিশি হেফাজতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে আইএসপিআর। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
