ঠাকুরগাঁও সদর থানার এক পুলিশ সদস্যকে অপহরণ, মারধর ও চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোহেল রানা (৩২), ঠাকুরগাঁও পৌরসভার বিপ্লব ইসলাম (২৭), গোবিন্দনগর এলাকার নাজমুল হোসেন ওরফে রাব্বি (২২), জগন্নাথপুর হাজির মোড় এলাকার সাকিব খান (২৬) এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নাইম আহাম্মেদ (২৮)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর থানায় কর্মরত কনস্টেবল আজিজুল ইসলাম সাদা পোশাকে তথ্য সংগ্রহ ও মাদক কারবারিদের তালিকা তৈরির দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে শহরের গোয়ালপাড়া এলাকায় গেলে একটি প্রাইভেটকার ও অটোরিকশায় আসা কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে।
পরে তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে শহরের জেলা স্টেডিয়ামের পূর্ব পাশে একটি মোটরসাইকেলের দোকানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিম্মি করে এক লাখ ১০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ঘটনার পর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
