সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত না হলে জনআস্থা কমবে: খেলাফত মজলিস

প্রথম সমাচার ডেস্ক ১৭ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন না করলে সরকারের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা।

শনিবার (১৬ মে) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় নেতারা এ মন্তব্য করেন।

সভায় নেতারা বলেন, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠায় নির্বাচন কমিশনের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে গেছে। এমন পরিস্থিতিতে জনগণ আশা করেছিল, নতুন সরকার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করবে। তাদের অভিযোগ, নির্বাচনের পরিবর্তে বিভিন্ন সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় জনমনে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

নেতারা আরও বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা। সেখানে দলীয় প্রশাসক নিয়োগ জনমতের পরিপন্থী এবং এটি একদলীয় কর্তৃত্ববাদী শাসনের আশঙ্কা তৈরি করছে। সভা থেকে অবিলম্বে দলীয় প্রশাসক নিয়োগ বাতিল এবং পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও কমিটির সদস্য সচিব হাসান জুনাইদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা রুহুল আমিন খান, নায়েবে আমির মাওলানা কুরবান আলী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...