রোববার, ২৪ মে ২০২৬
Logo
×
ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে

২২ বছর পর শিরোপা জিতেছে আর্সেনাল

প্রথম সমাচার ডেস্ক ২০ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। নাটকীয় শেষ দিনের অপেক্ষা না করেই এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে মিকেল আর্তেতার দল। মঙ্গলবার রাতে বোর্নমাউথের মাঠে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হারানোতেই নিশ্চিত হয় গানার্সদের শিরোপা।

শিরোপার লড়াইয়ে টিকে থাকতে বোর্নমাউথের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ম্যানচেস্টার সিটির সামনে। তবে ভাইটালিটি স্টেডিয়ামে চাপের ম্যাচে হোঁচট খায় পেপ গার্দিওলার দল। প্রথমার্ধেই পিছিয়ে পড়ে সিটিজেনরা। পরে আর্লিং হালান্ড গোল করে সমতা ফেরালেও জয় তুলে নিতে পারেনি দলটি। ১-১ গোলে ড্র হওয়ায় শিরোপা দৌড় থেকে ছিটকে যায় ম্যানসিটি।

৩৭ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৮২ পয়েন্ট। সমান ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৮। ফলে শেষ ম্যাচে জয় পেলেও আর গানার্সদের ছুঁতে পারবে না গার্দিওলার শিষ্যরা।

২০০৩-০৪ মৌসুমের পর এই প্রথম প্রিমিয়ার লিগের ট্রফি উঠছে আর্সেনালের হাতে। গত কয়েক মৌসুমে শেষ মুহূর্তে এসে ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা হারানোর হতাশা এবার আনন্দে বদলে দিয়েছে উত্তর লন্ডনের ক্লাবটি।

এখন শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। তবে সেটি আর শিরোপা নির্ধারণের ম্যাচ নয়, বরং নতুন চ্যাম্পিয়নদের উৎসবের মঞ্চ।

লিগ জয়ের পর এবার আর্সেনালের সামনে ‘ডাবল’ জয়ের সুযোগও তৈরি হয়েছে। আগামী ৩০ মে বুদাপেস্টে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফরাসি ক্লাব পিএসজির মুখোমুখি হবে তারা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...