রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

বান্দরবান সীমান্তে স্থলমাইন বি’স্ফোরণে ৩ চাকমা শ্রমিক নি’হত

প্রথম সমাচার ডেস্ক ২৪ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে শক্তিশালী স্থলমাইন বিস্ফোরণে তিনজন চাকমা শ্রমিক প্রাণ হারিয়েছেন।

রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের পর পরই আশপাশের লোকজনের মধ্যে তিনজন আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সমন্বয়ে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।

দুপুর আড়াইটার দিকে দলটি সেখানে পৌঁছে দেখতে পায়, তিনজনই ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। নিহত তিনজনই চাকমা সম্প্রদায়ের শ্রমিক বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এই ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা সীমান্তের কাছাকাছি যেতে ভয় পাচ্ছেন। প্রত্যন্ত এই পাহাড়ি এলাকায় মাইনের উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ থাকলেও এ ধরনের প্রাণঘাতী বিস্ফোরণ আবারও স্থানীয় জনজীবনে গভীর উদ্বেগ তৈরি করেছে।

ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...