বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

ধারের টাকা ফেরত চাওয়ার কার্যকর কৌশল

লাইফস্টাইল ডেস্ক ০২ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

কাউকে টাকা ধার দেওয়ার পর তা ফেরত চাওয়াটা অনেকের জন্যই বেশ অস্বস্তিকর। অনেক সময় গ্রহীতা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে টাকা দিতে দেরি করেন, যা সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই পাওনা টাকা আদায়ের ক্ষেত্রে সম্পর্ক ঠিক রেখে কিছু কৌশল অবলম্বন করা প্রয়োজন।

১. শুরুতেই স্বচ্ছতা বজায় রাখুন

টাকা লেনদেনের শুরুতেই এটি ‘ধার’ নাকি ‘উপহার’ তা পরিষ্কার করে নেওয়া উচিত। অনেক সময় গ্রহীতা সাহায্য মনে করে বসে থাকেন, আর দাতা মনে করেন এটি ফেরতযোগ্য। তাই ধারের প্রকৃতি এবং তা পরিশোধের নির্দিষ্ট সময়সীমা আগেভাগেই ঠিক করে নিন। প্রয়োজনে ছোটখাটো একটি লিখিত চুক্তি বা মেসেজে রেকর্ড রাখতে পারেন।

২. ব্যক্তিত্ব বুঝে টাকা ধার দিন

সব মানুষের আর্থিক নৈতিকতা এক নয়। আপনার বন্ধু বা আত্মীয়ের মধ্যে কেউ পরিশোধের ব্যাপারে খুব সচেতন, আবার কেউ স্বভাবগতভাবেই উদাসীন হতে পারেন। যারা বারবার ধার নিয়ে ফেরত দিতে গড়িমসি করেন, তাদের এড়িয়ে চলাই ভালো। সেক্ষেত্রে নিজের আর্থিক সীমাবদ্ধতার কথা বিনয়ের সাথে জানিয়ে দিতে পারেন।

৩. সরাসরি না বলে কৌশল অবলম্বন

হুট করে ‘টাকা ফেরত দাও’ না বলে প্রথমে কুশলাদি বিনিময় করুন। এরপর সেই বিপদের সময়ের কথা বা বর্তমান অবস্থার কথা তুলে ধরে আলতো করে পাওনার বিষয়টি মনে করিয়ে দিন। সরাসরি কথা বলতে ইতস্তত বোধ করলে একটি সুন্দর করে লেখা মেসেজ বা ইমেইল পাঠাতে পারেন।

৪. কিস্তিতে পরিশোধের সুযোগ দিন

যদি গ্রহীতার একবারে পুরো টাকা দেওয়ার সামর্থ্য না থাকে, তবে তাকে ছোট ছোট ভাগে বা কিস্তিতে প্রতি মাসে কিছু টাকা পরিশোধ করার প্রস্তাব দিন। এতে তার ওপর চাপ কমবে এবং আপনার টাকাটাও ধীরে ধীরে ফেরত আসবে।

৫. সেবার বিনিময়ে ঋণ শোধ (বিনিময় প্রথা)

অনেক সময় গ্রহীতার কাছে নগদ টাকা না থাকলেও বিশেষ কোনো দক্ষতা থাকে। ধরুন, আপনার বন্ধু একজন ভালো গ্রাফিক ডিজাইনার বা ইলেকট্রিশিয়ান। আপনার যদি তেমন কোনো কাজের প্রয়োজন থাকে, তবে তার থেকে সেই সেবাটি গ্রহণের মাধ্যমে ঋণ সমন্বয় করে নিতে পারেন। এতে পারস্পরিক সম্পর্ক অটুট থাকে।

৬. উপহার হিসেবে বিবেচনা করা

যদি টাকার অংক খুব সামান্য হয় এবং গ্রহীতা আপনার অত্যন্ত প্রিয়জন হন, তবে সেটি নিয়ে মানসিক চাপ না নিয়ে তাকে ‘উপহার’ হিসেবে জানিয়ে দিতে পারেন। এতে সম্পর্ক আরও মজবুত হয়। তবে এটি করার সময় তাকে স্পষ্টভাবে জানিয়ে দিন যেন তিনি ভবিষ্যতে অপরাধবোধে না ভোগেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...