জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বললেন, এক চাঁদাবাজ সরকারকে তাড়ানো হয়েছে, এখন আরেক সরকারি লোকজন চাঁদাবাজি করছে। তারা ক্ষমতায় আসার মাত্র ৬ মাসে চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়েছে।
আজ শনিবার বিকেলে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে আপনাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। আপনারা মিরসরাই থেকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী ছিল, তাদের ওই পারে দাদাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। এজন্য আপনাদের লাল সালাম।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যাদের পাঠিয়েছি, তাদের কিছু অভ্যাস এখনো রয়ে গেছে। ছাত্রলীগ ও যুবলীগের অন্যতম খাসলত ছিল চাঁদাবাজি করা। এখন সেই খাসলত নতুন দলের কাছে এসেছে। তারা সন্ত্রাসী কার্যক্রম করত। আপনারা ক্যাম্পাসে দেখেছেন, ছাত্রদল ও যুবদল সন্ত্রাসী কার্যক্রম করছে।
তিনি আরও বলেন, আমাদের যে ৯ দফা দাবি ছিল, সেটা এক দফায় রূপান্তরিত হয়েছিল। শেখ হাসিনা উঁকি মারে, কিন্তু আসতে পারে না।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা আপনাকে বলবো, প্রধানমন্ত্রী তারেক রহমান, ছয় দফা দাবি যদি না মেনে নেন, তাহলে এই ছয় দফা দাবি বাংলাদেশে এক দফায় রূপান্তরিত হবে।
