শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

‘জাতীয় পার্টির কারণেই বিএনপি ক্ষমতায় এসেছে’—বরিশালে শামীম হায়দার পাটোয়ারী

প্রথম সমাচার ডেস্ক ০৯ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নিলে বিএনপির ক্ষমতায় আসা সম্ভব হতো না। তিনি দাবি করেন, জাতীয় পার্টির অংশগ্রহণের কারণেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বর্তমান সরকার গঠন সম্ভব হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় বরিশাল নগরের সদর রোডস্থ আর্যলক্ষ্মী ভবন মিলনায়তনে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন হতো না। অন্য রাজনৈতিক দলগুলোও ভোট বর্জন করত। ফলে বিএনপির ক্ষমতায় আসাও সম্ভব হতো না। কিন্তু ক্ষমতায় আসার পর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে, যা মোটেও সমীচীন নয়।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে জাতীয় পার্টি বিএনপিকে সমর্থন করবে না বলেও দলের ভেতরে আলোচনা রয়েছে।

সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, “সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রমে দৃশ্যমান কোনো সাফল্য নেই। আইনশৃঙ্খলা, অর্থনীতি ও সামাজিক নিরাপত্তার বিভিন্ন সূচক নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।”

তিনি দাবি করেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান প্রয়োজন। একই সঙ্গে তিনি বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার কিংবা দীর্ঘমেয়াদি রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়।

সভায় জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেন, পূর্বনির্ধারিত ভেন্যুতে সভা আয়োজনের অনুমতি না পাওয়ায় তাদের একাধিকবার স্থান পরিবর্তন করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত আর্যলক্ষ্মী ভবন মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, আলমগীর শিকদার লোটন এবং এমরান হোসেনসহ দলের অন্যান্য নেতারা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...