বিনোদন ডেস্ক | মুম্বাই মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে জমকালো আয়োজনে উন্মোচিত হলো নতুন বলিউড সিনেমা ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’-এর ট্রেলার। তবে ট্রেলার লঞ্চের গণ্ডি পেরিয়ে অনুষ্ঠানটি রূপ নেয় বলিউডের প্রবীণ ও নবীন প্রজন্মের তারকাদের এক দারুণ আড্ডায়। যেখানে একদিকে যেমন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ অভিনয় নিয়ে নিজের জীবনদর্শন তুলে ধরেছেন, তেমনি তরুণ তুর্কি শর্বরী বাগ ও বেদাঙ্গ রায়না প্রকাশ করেছেন বলিউড সেনসেশন আলিয়া ভাটের প্রতি তাদের গভীর মুগ্ধতা ও ভালোবাসার কথা।
সিনেমার গান শেয়ার করে আলিয়ার চমক
সম্প্রতি আলিয়া ভাট সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ছবির ‘মাসকারা’ গানটি শেয়ার করে পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই প্রসঙ্গে কথা উঠতেই উচ্ছ্বাস প্রকাশ করেন শর্বরী। তিনি বলেন, “কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভীষণ ব্যস্ত ছিল, তাও আমাদের জন্য সময় বের করে এই পোস্টটি করেছে। ও একদমই হিসেবি মানুষ নয়, নিছক ভালোবাসা থেকেই কাজটি করেছে। আমাদের জীবনে আলিয়ার মতো একজন ‘চিয়ারলিডার’ আছে বলে আমরা কৃতজ্ঞ।” আলিয়ার প্রশংসা করতে গিয়ে সহ-অভিনেতা বেদাঙ্গ রায়নাকে পাশে নিয়ে শর্বরী হেসে বলেন, “মূলকথা হলো, আমরা দুজনই আলিয়া-পাগলু!”
শুটিং সেটে আলিয়ার বড় মন
‘জিগরা’ সিনেমাতে আলিয়ার সাথে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে বেদাঙ্গ রায়না বলেন, “শুটিংয়ের প্রথম দিন একজন নবাগত হিসেবে আলিয়ার মতো বড় মাপের অভিনেত্রীর সাথে স্ক্রিন শেয়ার করতে আমি খুব নার্ভাস ছিলাম। কিন্তু ও নিজে উদ্যোগী হয়ে আমার স্বস্তি নিশ্চিত করেছে। বারবার খোঁজ নিয়েছে, পাশে থেকেছে। শর্বরীর অভিজ্ঞতাও ঠিক একই রকম। তখনই বোঝা যায় আলিয়া মানুষ হিসেবে কতটা অসাধারণ।”
জানিয়ে রাখা ভালো, বেদাঙ্গ রায়না ‘জিগরা’ ছবিতে আলিয়ার সাথে কাজ করে বেশ প্রশংসিত হয়েছেন। অন্যদিকে শর্বরী বাগকে যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত অ্যাকশন ঘরানার ‘আলফা’ সিনেমাতে আলিয়া ভাটের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।
নাসিরুদ্দিন শাহের রসিকতা ও জীবনের উপলব্ধি
অনুষ্ঠানে নিজের চরিত্র নিয়ে করা এক প্রশ্নের জবাবে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ স্বভাবসুলভ রসিকতায় বলেন, “আগে ছবিটা দেখুন, তাহলেই সব জানতে পারবেন!” তবে পরক্ষণেই গম্ভীর সুরে তিনি বলেন, “আমার মনে হয়, অভিনেতার সাফল্যের পুরো কৃতিত্বই লেখক ও পরিচালকের। লেখা ঠিক না হলে পৃথিবীর সেরা অভিনেতাও কিছু করতে পারবেন না।” নিজের দীর্ঘ ক্যারিয়ারের কথা টেনে তিনি আরও মজা করে বলেন, “অনেক ছবিতে আমি এত খারাপ অভিনয় করেছি যে, আমার ছেলে মাঝরাতে ইউটিউবে সেসব দেখে আমাকে ঘুম থেকে ডেকে বলে, ‘পাপা, আপনার একটা ছবি চলছে’। তখন আমি এমন ভাব করি যেন শুনতে পাইনি, ঘুমের ভান করে থাকি!” পরিচালক ইমতিয়াজ আলীর চিত্রনাট্য ও পরিচালনারও ভূয়সী প্রশংসা করেন এই অভিনেতা।
প্রেম, স্মৃতি, রোমাঞ্চ ও অপূর্ণ ভালোবাসার টানাপোড়েন নিয়ে নির্মিত ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আগামী ১২ জুন।
