পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত শিয়া মসজিদ কমপ্লেক্সে হুসাইনি ট্রাস্টের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর নেতারা।
এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের সদস্য সচিব তৌহিদ মজুমদার, আব্দুল্লাহ মনসুর এবং যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর নয়ন উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও মোহাম্মদপুর অঞ্চলের এনসিপি এবং যুবশক্তির বিভিন্ন পর্যায়ের সংগঠকরাও অনুষ্ঠানে অংশ নেন।
শুভেচ্ছা বিনিময়কালে পবিত্র আশুরার তাৎপর্য, সম্প্রীতি, সহনশীলতা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। উপস্থিত নেতারা দেশজুড়ে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
