বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

হরমুজ প্রণালী নিয়ে কঠোর হুশিয়ারি:জাহাজ ভিড়লেই আক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক ০৩ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, এ নৌপথ ব্যবহার করে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে তা লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)-এর শীর্ষ পর্যায়ের এক উপদেষ্টা ইব্রাহিম জাবারি সতর্ক করে বলেন, প্রণালিটি কার্যত বন্ধ ঘোষণা করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ প্রবেশের চেষ্টা করলে আইআরজিসি ও ইরানের নৌবাহিনী হামলা চালাতে পারে।

হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে প্রণালিতে যেকোনো ধরনের অস্থিরতা আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে এবং জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

এই নৌপথ ব্যবহার করে সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। ফলে পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশের জ্বালানি আমদানি, শিল্প উৎপাদন ও পরিবহন খাতে প্রভাব পড়তে পারে।

এ ছাড়া প্রণালির পাশের রাষ্ট্র ওমানের উপসাগরীয় জলসীমায়ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক নৌপরিবহন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বীমা ব্যয় বৃদ্ধি এবং পরিবহন সময়সূচিতে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা বাড়লে তা কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলবে। তাই কূটনৈতিক সমাধান ছাড়া স্থিতিশীলতা ফিরিয়ে আনা কঠিন হতে পারে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...