শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিলে সাফল্য: নেত্রকোনার শ্রেষ্ঠ এসআই ফারুক আহম্মেদ সরকার

নেত্রকোনা প্রতিনিধি ১৪ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন

নেত্রকোনা জেলা পুলিশের জুন ২০২৬ মাসের কর্মদক্ষতা মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা মডেল থানায় কর্মরত এসআই ফারুক আহম্মেদ সরকার। মাদকবিরোধী অভিযানে সাফল্য, ওয়ারেন্ট দ্রুত তামিল, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দক্ষ ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের কার্যক্রম মূল্যায়নের পর তাঁকে শ্রেষ্ঠ এসআই হিসেবে ঘোষণা করা হয়।

পরে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বিজয়ী এসআই ফারুক আহম্মেদ সরকারের হাতে সম্মাননার ক্রেস্ট, সনদপত্র এবং নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য, আদালতের জারি করা ওয়ারেন্ট কার্যকরভাবে বাস্তবায়ন, অপরাধ দমনে সক্রিয় ভূমিকা এবং সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য এসআই ফারুক আহম্মেদ সরকার এ স্বীকৃতি লাভ করেছেন।

সম্মাননা পাওয়ার পর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একই আন্তরিকতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে জনসেবায় কাজ করে নেত্রকোনা জেলা পুলিশের সুনাম আরও সমৃদ্ধ করবেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...