বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু হত্যা: প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি ০৩ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় গলা কেটে শিশু কন্যাকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটায় সীতাকুণ্ড থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

গত রোববার পৌর সদরের ইকোপার্কের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকেরা প্রথম তাকে দেখতে পান। পরে স্থানীয়রা তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার গলায় গভীর ক্ষত ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। চিকিৎসাকালে অস্ত্রোপচারও করা হয়েছিল।

হাসপাতাল সূত্র জানায়, শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় তাকে বিশেষায়িত ইউনিটে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে গুরুতর সহিংসতার আলামত পাওয়া গেছে।

এ ঘটনায় ১ মার্চ রাতে শিশুটির মা সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। প্রথমে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হলেও শিশুটির মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পেছনের কারণ ও সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতি ও বিস্তারিত তথ্য সন্ধ্যার সংবাদ সম্মেলনে জানানো হবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...