শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

এক পয়সা ঘুষ নেওয়ার প্রমাণ দিতে পারলে চাকরি ছাড়ার ঘোষণা এসিল্যান্ডের

ভুঁইফোড় সাংবাদিকতার প্রতিহিংসার শিকার এসিল্যান্ড আরাফাত হোসাইন
Icon প্রথম সমাচার ডেস্ক

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসাইন বলেছেন, সরকারি নির্ধারিত ফির বাইরে কারও কাছ থেকে এক পয়সাও ঘুষ নেওয়া বা দাবি করার প্রমাণ পাওয়া গেলে তিনি চাকরি ছেড়ে দেবেন।

সম্প্রতি একটি অনিবন্ধিত অনলাইন পোর্টালের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অনৈতিক চাপ সৃষ্টি ও অপপ্রচারের অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ চ্যালেঞ্জ জানান।

জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর কয়েকজন ব্যক্তি একটি চলমান নামজারি মামলাকে কেন্দ্র করে কমলনগর উপজেলা ভূমি অফিসে যান। অভিযোগ রয়েছে, তারা একটি পক্ষের হয়ে কর্মকর্তার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তবে আইন ও বিধিমালার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দেন এসিল্যান্ড মো. আরাফাত হোসাইন।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে কর্মকর্তাকে বলতে শোনা যায়, তাঁর অফিসে কারও কাছ থেকে টাকা নেওয়া বা টাকা দাবি করার কোনো প্রমাণ কেউ দিতে পারলে তিনি চাকরি ছেড়ে দিতে প্রস্তুত।

নিজের ফেসবুক পোস্টে মো. আরাফাত হোসাইন জানান, কমলনগরে দায়িত্ব গ্রহণের পর থেকে ভূমি সেবাকে দালাল ও দুর্নীতিমুক্ত রাখতে তিনি কঠোর অবস্থানে রয়েছেন। সরকারি ফি ছাড়া কোনো ধরনের অবৈধ অর্থ লেনদেন হচ্ছে কি না, সে বিষয়েও তিনি সেবাগ্রহীতাদের কাছ থেকে নিয়মিত তথ্য নেওয়ার চেষ্টা করেন।

তিনি দাবি করেন, ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তাঁর অবস্থান সব সময়ই কঠোর। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাপের মুখে আইনবহির্ভূত সুবিধা দেওয়ার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার দুর্নীতিবিরোধী অবস্থানের প্রশংসা করেছেন। স্থানীয় সচেতন মহলের মতে, কোনো সরকারি সিদ্ধান্তে আপত্তি থাকলে আইন অনুযায়ী আপিলসহ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা উচিত। ব্যক্তিগত চাপ সৃষ্টি বা অপপ্রচারের মাধ্যমে কোনো কর্মকর্তাকে হেয় করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। স্থানীয় জনগণ আরাফাত হোসাইন সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করেন।

আরাফাত হোসাইনের বিশ্ববিদ্যালয় জীবনের আবাসিক হলের সাবেক সিনিয়র রুমমেট জনাব ফজলুল হক (বিসিএস, শিক্ষা) বলেন, আরাফাত আমার রুমের ছোট ভাই। তার মতো সৎ ছেলে আমি জীবনে খুবই কম দেখেছি । ছাত্রজীবন থেকে সৎ এবং অমায়িক ব্যবহারের জন্য সবার কাছে সুপরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ও রুমে একসাথে কাটিয়েছি বেশ কয়েক বছর। তখনও তার বিরুদ্ধে কেউ কোন ধরনের অভিযোগ করেছে শুনিনি। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। সৎভাবে চাকরিজীবন অতিবাহিত না করলে এমন চ্যালেঞ্জ দেয়া সম্ভব নয়। তাই তার বিরুদ্ধে আনীত হয়ারানিমূলক সাংবাদিকতার নিন্দা জানাই”।

তার আরেক জুনিয়র রুমমেট মইনুল হক বলেন, “আরাফাত ভাই আমার রুমমেট ছিলেন। তাঁকে খুব ভালো করে চিনি, তিনি নির্ভেজাল লাইফস্টাইল ফলো করেন, কারো সাত- পাঁচে নাই। তিনি অসৎ হলে এরকম চ্যালেঞ্জ করতে পারতেন না”।

অনেকেই মনে করছেন সাম্প্রতিক সময়ে সাংবাদিকতার পেশাগত নৈতিকতা বিসর্জন দিয়ে অনেকেই স্বার্থ হাসিলের জন্য অপ-সাংবাদিকতা করছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com