প্রথম সমাচার ডেস্ক:
চলতি অর্থবছরের অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
সার্ভার জটিলতা ও ই-ভ্যাট সিস্টেমে অতিরিক্ত ব্যবহারকারীর চাপের কারণে এ সময় বাড়ানো হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মোহা. মাসদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এতে নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন দাখিল করতে গিয়ে সমস্যায় পড়েন অনেক করদাতা।
করদাতাদের এ অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে অনলাইনে রিটার্ন জমার সময়সীমা ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো সুদ বা জরিমানা দিতে হবে না।

ট্রায়াল রান সফল, অত্যাধুনিক কোচ নিয়ে ঢাকায় ছুটবে পাবনা এক্সপ্রেস