প্রথম সমাচার ডেস্ক:
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান থাকবে না—এমনটাই দেখতে চায় জাতি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।
দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। একই সঙ্গে তাদের সংগঠনও বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, দুনিয়া তাদের লক্ষ্য নয়; বরং আখিরাতই প্রধান লক্ষ্য। মুমিন হিসেবে এ বিষয়টি সব সময় মনে রেখে দৈনন্দিন জীবন পরিচালনা করতে হবে এবং সংগঠনের সব কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে। জীবন পরিচালনায় নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করতে হবে। পাশাপাশি সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে দায়িত্ব পালন ও সংগঠন পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং সক্ষমতা বাড়াতে হবে।
দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু ঘটনা অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে জামায়াতের আমির বলেন, এসব বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতিকে হতাশ করেছে। অবিলম্বে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি শহীদ এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে অর্জিত বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। তারা বরাবরই বলে আসছেন, সংসদে তাদের অবস্থান হবে দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হিসেবে সব সময় ভূমিকা রাখবেন এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করবেন না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতে তাদের অবস্থান অটুট থাকবে বলেও জানান তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়। এ বিষয়ে তারা ইতোমধ্যে সংসদে নোটিশ দিয়েছেন। নোটিশের বিষয়গুলোতে সংসদে জবাব না পেলে জনগণের আদালতে কথা বলতে হবে। এ জন্য দলের দায়িত্বশীলদের জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে দেশ ও জাতির সেবায় প্রস্তুত থাকতে হবে।

ট্রায়াল রান সফল, অত্যাধুনিক কোচ নিয়ে ঢাকায় ছুটবে পাবনা এক্সপ্রেস