সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×
ফেনী জেলার রাজাপুরের মাদকাসক্ত ছেলে দ্বারা মা হত্যা হওয়ার পাশাপাশি বোন ও ভাবা গুরুতর আহত হয়েছে

মা দিবসে অনলাইনে কেনা ছুরি দিয়ে মাকে হত্যা

প্রথম সমাচার ডেস্ক ১১ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের নিহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলায় গুরুতর আহত হয়েছেন অভিযুক্তের বাবা ও বোন। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লাকি বেগম (৪৫) দিলপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোস্তফার স্ত্রী। আহতরা হলেন তাঁর স্বামী মোহাম্মদ মোস্তফা (৫৫) ও মেয়ে মোসাম্মদ মিথিলা মোস্তফা (১৮)। মিথিলা স্থানীয় রাজাপুর আলিম মাদ্রাসার এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর অভিযুক্ত ছেলে মোহাম্মদ রাফিককে (২১) আটক করেছে পুলিশ। স্থানীয় লোকজন ধাওয়া করে তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এলাকাবাসীর দাবি, রাফিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পরিবারে প্রায়ই অশান্তি সৃষ্টি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বাড়িতে এসে মাদক সেবনের জন্য মায়ের কাছে টাকা চান রাফিক। লাকি বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে অনলাইনে অর্ডার করে কেনা ধারালো ছুরি দিয়ে মায়ের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন লাকি বেগম।

মাকে বাঁচাতে এগিয়ে এলে বোন মিথিলাকেও ছুরিকাঘাত করা হয়। পরে মেয়েকে রক্ষা করতে গেলে বাবা মোহাম্মদ মোস্তফাও হামলার শিকার হন। পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তখন রাফিক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে আটক করেন।

আহত তিনজনকে দ্রুত ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লাকি বেগমকে মৃত ঘোষণা করেন। পরে মোস্তফা ও মিথিলার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার কবির জানান, হাসপাতালে আনার আগেই লাকি বেগমের মৃত্যু হয়েছিল। আহত দুজনের শরীরে গুরুতর আঘাত রয়েছে এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাফিক স্বীকার করেছেন যে তিনি অনলাইনে দুটি ছুরি কিনেছিলেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিগুলো জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...