প্রথম সমাচার ডেস্ক:
রাজধানী লালবাগ থানাধীন ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানার আগুন নেভাতে গিয়ে দেওয়াল ধসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন- ফায়ার ফাইটার জয় রায় (৩২) ও আজহারুল ইসলাম (২৬)।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক শাহজাহান শিকদার জানান, লালবাগের বেড়িবাঁধ এলাকার একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর কাজ শেষ হওয়ার পরপরই মালামাল গুছিয়ে অন্য জায়গায় সরানোর সময় হঠাৎ একটি দেওয়াল ধসে ফায়ার ফাইটারদের মাথায় ও শরীরে ওপর পড়ে। এতে দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
তিনি জানান, দুজনই ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, আহত দুজন জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

সারা বছরই হোক মুমিনের আমল
১৯০৯ সালে হজ পালনকারী প্রথম জাপানি মুসলিম উমর ইয়ামাওকা