প্রথম সমাচার ডেস্ক:
প্রেমের সম্পর্কের সূত্র ধরে ভারতের গুজরাট থেকে বরিশালের গৌরনদীতে এসে এক কিশোরীকে বিয়ে করেছেন সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা (২০) নামের এক তরুণ। নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার এ ঘটনায় এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ওই কিশোরীর মা শামীমা আক্তার বিয়ের তথ্যটি নিশ্চিত করেছেন।
বিয়ে করা কিশোরীর নাম মাহি আক্তার (১৭)। সে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের আব্দুল মালেক সিকদারের মেয়ে এবং বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী।
মাহির পরিবারের সদস্যরা জানান, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার একটি ফ্লাইটে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন ফাইজান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহির মা ও ছোট ভাই তাকে গ্রহণ করে বরিশালে নিয়ে আসেন। পরদিন ২৩ নভেম্বর বরিশালের এক আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় একজন মৌলভীও উপস্থিত ছিলেন। পরে ফাইজানকে জামাতা হিসেবে বাড়িতে নিয়ে যান মাহির পরিবারের সদস্যরা।
কিশোরী মাহি আক্তার জানান, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত তার বড় ভাইয়ের ইনস্টাগ্রাম বন্ধু ফাইজান শাহর সঙ্গে প্রায় দেড় বছর আগে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাস আগে দুই পরিবার বিষয়টি জানতে পারে। পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তারা যোগাযোগ অব্যাহত রাখেন। পরে বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন ফাইজান।
তিনি আরও জানান, গত এক বছরে ফাইজানের সঙ্গে কথা বলে এবং সিনেমা দেখে সে হিন্দি ভাষা শিখেছে। ফলে তাদের মধ্যে ভাষাগত কোনো সমস্যা হচ্ছে না। পরিবারের সদস্যরাও কমবেশি হিন্দিতে কথা বলতে পারেন। ফাইজান বাংলাদেশে থেকে যেতে চান বলেও জানায় মাহি।
ফাইজান শাহ জানান, তার বাড়ি ভারতের গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকায়। তার বাবা রেজওয়ান শাহ পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত। তিন ভাইয়ের মধ্যে তিনি মেজো। তাদের প্রেমের বিষয়টি তার পরিবার স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। ছয় মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন। স্ত্রীর সঙ্গে বাকি জীবন বাংলাদেশে কাটাতে চান বলেও জানান তিনি।
মাহির মা শামীমা আক্তার বলেন, মেয়েকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। একপর্যায়ে উপায় না পেয়ে ভারতীয় তরুণের সঙ্গে মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছেন।
এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে বলে জানান স্থানীয় বিএনপি নেতা রাসেল। তিনি বলেন, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিকের পরিচয়সহ প্রয়োজনীয় তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, স্থানীয় গ্রামপুলিশ তাকে বিষয়টি জানিয়েছেন। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: মূল প্রতিবেদন
