প্রথম সমাচার ডেস্ক:
সুস্বাদু ও পুষ্টিকর আনারস চাষের সঙ্গে প্রতি বছর শত শত টন আনারসের পাতা উৎপন্ন হয়। কৃষকেরা এই বিপুল কৃষি বর্জ্য প্রায়ই ক্ষেতেই পুড়িয়ে ফেলেন অথবা গরুর খাদ্য হিসেবে ব্যবহার করেন। তবে বর্তমানে টাঙ্গাইলের মধুপুরে আনারসের পাতা দিয়ে তৈরি হচ্ছে সুতা, আর সেই সুতা থেকে তৈরি হচ্ছে শাড়িসহ নানা শৌখিন পণ্য।
দেশের গণ্ডি পেরিয়ে এসব পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। পরিবেশবান্ধব হওয়ায় তৈরি হয়েছে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ। নারীদের বেকারত্ব দূর করতে ও গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করতে এমন উদ্যোগ নিয়েছে ‘ব্যুরো বাংলাদেশ’।
টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল ও এর আশপাশে সুস্বাদু ও পুষ্টিকর আনারসের চাষ হয়। একসময় আনারস গাছের পাতা বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হতো বা গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা হতো; কিন্তু বর্তমানে ওই গাছের পাতা দিয়ে তৈরি হচ্ছে সুতা। ক্যালেন্ডার জাতের আনারসের পরিপক্ক গাছ থেকে ফল কাটার পর পাতা সংগ্রহ করা হয়। এরপর ফাইবার এক্সট্রাকশন মেশিনের মাধ্যমে পাতা থেকে আঁশ বের করে পানিতে ধুয়ে রোদে শুকানো হয়। এই আঁশ দিয়েই তৈরি হচ্ছে শাড়িসহ ঘর ও অফিসের সৌন্দর্যবর্ধনের নানা শোপিস, ব্যাগ, জুতা, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, ফ্লাওয়ার বক্স ও জুয়েলারি বক্সসহ পরিবেশবান্ধব আকর্ষণীয় বিভিন্ন পণ্য।
আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতির মাধ্যমে সুতার কটন তৈরি করা হয়। বিভিন্ন ধাপে সেগুলো প্রক্রিয়াজাত করে এসব পণ্য তৈরি করছেন এক শর বেশি নারী কর্মী। শুরুতে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাজ শেখানো হয়। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে শাড়ি, ব্লাউজ, গামছা ও ব্যাগসহ নানা ধরনের হস্তশিল্প। দেড় শতাধিক আইটেমের পণ্য এখানে তৈরি হচ্ছে। ব্যুরো বাংলাদেশের এই কারখানায় নিজস্ব শোরুম রয়েছে, যেখানে প্রদর্শনের জন্য সাজিয়ে রাখা হয়েছে শাড়ি, ব্লাউজ, গামছা, ব্যাগ, টেবিল ল্যাম্প, জুতা ও ফুলদানিসহ নানা হস্তশিল্প।
২০১৮ সালে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় ব্যুরো বাংলাদেশ হস্তশিল্পের এই কারখানা প্রতিষ্ঠা করে। এতে শতাধিক বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং কাজ করে স্বাবলম্বী হয়েছেন অনেক নারী।
নারী শ্রমিকেরা জানান, এখানে প্রশিক্ষণের মাধ্যমে কাজ শিখে সংসারের খরচের পাশাপাশি ছেলেমেয়ের লেখাপড়া ও কিছু সঞ্চয় করতে পারছেন তারা।
নারী শ্রমিক ফাতেমা বেগম বলেন, ব্যুরো বাংলাদেশের তত্ত্বাবধানে এই ফ্যাক্টরির কারণে নারীসমাজের অনেক বড় উপকার হয়েছে। অসহায়, গরিব ও বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে দিচ্ছে। এখানে কাজ করে আমরা এখন স্বাবলম্বী। পরিবারের খরচ চালানোর পাশাপাশি ডিপিএস ও সঞ্চয়পত্র করছি।
নারী শ্রমিক রহিমা খাতুন বলেন, একসময় আমি বেকার ছিলাম। ব্যুরো বাংলাদেশে এসে বেকারত্ব দূর করে এখন স্বাবলম্বী হয়েছি। সংসারের খরচের পাশাপাশি ডিপিএসে সঞ্চয় রাখছি এবং ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারছি।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ফেনীতে বৃষ্টি, আমন ও সবজি নিয়ে বিপাকে কৃষক
ইউরেনিয়ামের সপ্তম চালান পৌঁছাল রূপপুরে
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা গোবিপ্রবি