শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Logo
×

গতিপথ পরিবর্তন করে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘আকভান’

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্যাঞ্চল থেকে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’। অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথেও পরিবর্তন এসেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের মধ্যবর্তী এলাকায় আঘাত হানতে পারে এটি।

কলকাতার আলিপুর আবহাওয়া দফতরের কর্মকর্তা ড. হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে। শুক্রবার দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশের নরসাপুর ও ওড়িশা উপকূলের মধ্যবর্তী স্থানে এটি আঘাত হানার আশঙ্কা রয়েছে।

আইএমডির তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার বেগে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। তখন এর কেন্দ্র অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে। শ্রীকাকুলাম ও বিজয়নগরম জেলায় সর্বোচ্চ সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট ঘোষণা করেছে আবহাওয়া অধিদফতর। এ ছাড়া পার্বতীপুরম মান্যম, আলুরি সীতারাম রাজু ও অনাকাপল্লি জেলায় অরেঞ্জ অ্যালার্ট এবং কাকিনাড়া জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।

অন্যদিকে, ওড়িশায় সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গঞ্জাম, গজপতি, পুরী, জগৎসিংপুর, কেন্দ্রাপাড়া ও কন্ধমাল জেলায় তিন দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধার তৎপরতা ও জরুরি সেবা নিশ্চিত করতে ৩০০টির বেশি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর শুক্রবার ঘূর্ণিঝড়সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তির ২০ নম্বর বুলেটিনে জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

বুলেটিন অনুযায়ী, মধ্যরাতে ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৯৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com