রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনে আওয়ামীপন্থি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপিপন্থি প্রশাসন জামায়াত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে মুজাহিদ ফয়সাল বলেন, কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা দেশব্যাপী নৈরাজ্য এবং পতিত স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। ছাত্রদলও টানা কর্মসূচি পালন করছে। গতকাল ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের ষড়যন্ত্রের বিষয়ে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের সঙ্গে আমি একমত।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালন করা ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে, সেই প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার দপ্তরসহ দুটি প্রশাসনিক ভবনে এখনো আওয়ামীপন্থি কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করছেন। অন্তর্বর্তী সরকারের সময়ের প্রশাসন এবং বর্তমান প্রশাসন—কেউই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।
প্রশাসনের ভূমিকার সমালোচনা করে মুজাহিদ ফয়সাল বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপি প্রশাসন দায়িত্ব নেওয়ার পরপরই জামায়াত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছাঁটাইয়ের কর্মসূচি শুরু করেছে। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া কর্মকর্তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে, অনেককে চেয়ারে বসতে দেওয়া হচ্ছে না এবং কাউকে কাউকে জুনিয়র কর্মকর্তার অধীনে পদায়ন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, প্রশাসন ভবন জামায়াতমুক্ত করে আওয়ামীপন্থি কর্মকর্তাদের বহাল রাখার মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে বিশ্ববিদ্যালয় পরিবারের সঙ্গে মশকরা করা হচ্ছে।

লীগের সন্ত্রাসবিরোধী মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ জন
রাকসুর তফসিল ঘোষণার দাবিতে প্রশাসন ভবনের সামনে ‘রাবি সংস্কার আন্দোলনের’ অবস্থান
কর্মকর্তার পদে আবারও শিক্ষক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হলেন প্রক্টর