মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

রাকসুর তফসিল ঘোষণার দাবিতে প্রশাসন ভবনের সামনে ‘রাবি সংস্কার আন্দোলনের’ অবস্থান

Icon প্রথম সমাচার ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘রাবি সংস্কার আন্দোলন’।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচিতে রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভী বলেন, রাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ৩৫ বছর ধরে এ নির্বাচন বন্ধ থাকার পেছনে মূলত কিছু মানুষের অদৃশ্য স্বার্থ কাজ করেছে। এসব স্বার্থের কারণেই নির্বাচন আটকে রাখা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

রাকসু নির্বাচন না হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ছাত্র সংসদ সচল থাকলে ক্যাম্পাসে জবাবদিহি নিশ্চিত হয়। শিক্ষার্থীরা সচেতন থাকলে কেউ স্বৈরাচারী মনোভাব দেখানোর সাহস পায় না। তাই ছাত্রজীবন থেকেই যাতে নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হয়, সে উদ্দেশ্যে রাকসু বা ডাকসুর মতো ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার চেষ্টা চলছে।

রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক ও রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। প্রশাসন কেন কালক্ষেপণ করছে কিংবা কোন অজানা ভয়ে তফসিল ঘোষণা থেকে বিরত রয়েছে, তার জবাব প্রশাসনই ভালো দিতে পারবে।

তিনি আরও বলেন, রাকসু ও সিনেট অধিবেশন নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। রাকসুর মেয়াদ শেষ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। রাকসু সফল হয়েছে কি না, সেটি বড় বিষয় নয়; বরং এটি শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদী কাঠামো থেকে বেরিয়ে এসে ছাত্র সংসদ নির্বাচনগুলোর মাধ্যমেই দেশে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আম্মার বলেন, ছাত্র সংসদগুলোকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অনতিবিলম্বে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।

কর্মসূচিতে অংশ নেয়া শিল্পকলার ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মুস্তাকিম বলেন, দীর্ঘদিন পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন আশানুরূপ না হলেও শিক্ষার্থীরা নিজেদের আবেগ, মতামত ও অধিকারের কথা প্রকাশের জন্য অন্তত রাকসু ভবনে যাওয়ার একটি জায়গা পেয়েছেন। বর্তমানে ক্যাম্পাসে সুন্দর ও সুস্থ পরিবেশ বিরাজ করছে। এরপরও কেন রাকসুর কার্যক্রম বুঝিয়ে দেয়া হচ্ছে না, তা তাদের বোধগম্য নয়।

তিনি আরও বলেন, প্রশাসনের কাছে বারবার নোটিশ দেয়া হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। কোনো ওপর মহলের চাপ কিংবা অন্য কোনো কারণে রাকসুর কার্যক্রম আটকে রাখা হয়েছে কি না, তা প্রশাসনের কাছে জানতে চান তারা।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সেগুলোতে লেখা ছিল, ‘গণতন্ত্রের বুলি নয়, গণতন্ত্রের চর্চা চাই’, ‘আদু, যদু, মধু ভাই; তারা কি আর রাকসু চায়?’ এবং ‘প্রশাসনের কালক্ষেপণ, মানবে না শিক্ষাঙ্গন’।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com