রোববার, ১৫ নভেম্বর ২০২৬
Logo
×

চবি শাখার প্রতিষ্ঠাকালীন ইতিহাস বিকৃতি, প্রতিবাদ লেখক ফোরামের

আহ্বায়ক কমিটিতে না থেকেও শাখার যাত্রার সারথী দাবি আরমানের
Icon চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন ইতিহাস বিকৃত করে উপস্থাপনের অভিযোগ উঠেছে পৃথকভাবে আত্মপ্রকাশ করা ‘লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ নামের একটি সংগঠনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ।

রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবাদলিপিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ জানায়, গত ১১ নভেম্বর কয়েকজন সদস্য সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও শাখার ঐক্য বিনষ্টের অভিযোগের মধ্যে দিয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম থেকে বের হয়ে ‘লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ নামে পৃথক সংগঠনের আত্মপ্রকাশ ঘটান। পরবর্তীতে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে দাবি করা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখক ফোরাম আরমান-রাফছানের নেতৃত্বে ৩১ অক্টোবর ২০২০ সালে যাত্রা শুরু করে।’ কেন্দ্রীয় পর্ষদ এ বক্তব্যকে প্রকৃত সাংগঠনিক ইতিহাসের সঙ্গে অসংগতিপূর্ণ এবং ইতিহাস বিকৃতির অপচেষ্টা বলে উল্লেখ করেছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর মাহবুব এ রহমান ও মো. মেহেদি হাসানের নেতৃত্বে আহ্বায়ক কমিটি অনুমোদনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই কমিটিতে মো. রাফছান সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও আরমান শেখের কোনো সাংগঠনিক অবস্থান ছিল না। পরবর্তীতে ২০২০ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নিয়মিত কমিটি অনুমোদিত হয়।

কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের দাবি, নিয়মিত কমিটি অনুমোদনের তারিখকে শাখার প্রতিষ্ঠাকাল হিসেবে উপস্থাপন এবং আরমান-রাফছানের নেতৃত্বে সংগঠনের যাত্রা শুরুর দাবি প্রকৃত ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, একটি সংগঠনের প্রতিষ্ঠাকালীন ইতিহাস, সাংগঠনিক অবদান ও নেতৃত্বের পরিচয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। প্রতিষ্ঠিত নেতৃত্বের অবদান আড়াল করে সাংগঠনিক ইতিহাস নিজেদের অনুকূলে উপস্থাপনের যেকোনো প্রচেষ্টা অনভিপ্রেত ও সাংগঠনিক ঐতিহ্যের প্রতি অসম্মানজনক।

এ সময় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার অস্তিত্ব ও সাংগঠনিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রয়েছে বলে দাবি করে কেন্দ্রীয় পর্ষদ। পাশাপাশি সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।

প্রতিবাদলিপির শেষাংশে সংগঠনের শৃঙ্খলা, ঐতিহ্য ও স্বকীয়তা রক্ষায় দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বলা হয়, ইতিহাস ও ঐতিহ্য বিকৃতির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত থাকবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com