শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

আ. লীগের কর্মী ভেবে ইসলামি বক্তা নোমানীর গাড়িতে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-ভাঙচুরের অভিযোগ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নেত্রকোনায় ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে ফেরার পথে নওমুসলিম ইসলামি বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন ভেবে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার গাড়ি থামানোর চেষ্টা এবং পরে ধাওয়া করেন বলে অভিযোগ উঠেছে। এসময় নোমানী ডাকাতের কবলে পড়েছেন ভেবে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে মানুষের সাহায্য চান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে নেত্রকোনা শহরের চল্লিশা এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নোমানীসহ তার সঙ্গে থাকা ব্যক্তিরা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৬০ সেকেন্ডের একটি ভিডিওতে নোমানীকে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে মানুষের সাহায্য চাইতে শোনা যায়। তিনি বলছিলেন, ‘আমাদেরকে বাঁচান, আমাদেরকে ডাকাতে আক্রমণ করছে, আমাদেরকে বাঁচান।’

ভিডিওর একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আল্লাহ তুমি হেফাজত কর। ডাকাতে আক্রমণ করছে আমাদেরকে, আল্লাহ তুমি বাঁচাও। আমি নওমুসলিম ওয়াসেক বিল্লাহ নোমানী। আমাকে ডাকাতে আক্রমণ করছে, আল্লাহ তুমি বাঁচাও।’

ভুক্তভোগীদের অভিযোগ, বাইপাস এলাকা থেকে তারা নেত্রকোনা সদর থানায় আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে হামলাকারীরা গাড়িটির পিছু নেন। এসময় তারা গাড়িতে আক্রমণ চালিয়ে পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ুম ভুক্তভোগীদের বরাত দিয়ে বলেন, ওয়াজ মাহফিল শেষ করে নোমানীসহ অন্যরা নেত্রকোনার একটি ফিলিং স্টেশন থেকে গভীর রাতে জ্বালানি সংগ্রহ করে পূর্বধলায় নিজেদের বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। পথে চল্লিশা এলাকার বাইপাস সড়কে লাঠি হাতে কয়েকজন লোক তাদের গাড়ি থামানোর চেষ্টা করেন। নোমানী তাদের ডাকাত সন্দেহ করে চিৎকার করেন এবং গাড়ি না থামিয়ে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে আরও কয়েকজন মোটরসাইকেলে গাড়িটির পিছু নিয়ে হামলা শুরু করে।

তিনি আরও বলেন, পরিস্থিতি বেগতিক দেখে নোমানী গাড়িটি ঘুরিয়ে থানার দিকে নিয়ে যান। কিন্তু থানার দিকে যাওয়ার পথেও হামলা থামেনি। হামলাকারীরা গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভেঙে ফেলেন। এসময় নোমানী ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন। থানায় পৌঁছানোর পর তারা জানতে পারেন, রাস্তায় পাহারারত সরকারদলীয় লোকজন তাদের গাড়িটি থামানোর চেষ্টা করেছিলেন। গাড়ি না থামানোয় তারা ভেবেছিলেন, এতে আওয়ামী লীগের লোকজন রয়েছেন। এ ভুল ধারণা থেকেই তারা হামলা চালান।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এটা একটা ভুল-বোঝাবুঝি ছিল। বিষয়টি সংসদ সদস্যকে জানানো হয়েছে। তিনি উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন। এটা কোনো ডাকাতির ঘটনা নয়।’

এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. আনোয়ারুল হক বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন গুপ্ত হামলা করে ইদানীং জ্বালাও-পোড়াও করছে। এছাড়া রাতে আওয়ামী লীগের লোকজন আমাদের এলাকায় ঢুকে মিছিল করতে পারে, আগুন দিতে পারে—এমন খবরও আমাদের কাছে ছিল। সে উপলক্ষে বিভিন্ন জায়গায় আমাদের লোকজন পাহারায় ছিল।’

তিনি বলেন, ‘এই গাড়িটি যখন যায়, তখন আমাদের লোকজন থামানোর সংকেত দিলে তিনি না থামিয়ে বেপরোয়া গতিতে লোকজনের ওপর দিয়ে চালিয়ে যাচ্ছিলেন। তাই আমাদের লোকজন মনে করেছিল, হয়তো গাড়িতে ফ্যাসিস্টের লোকজন আছে। এ কারণে তারা হয়তো ধাওয়া করেছিল। অন্যদিকে উনি ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করেছিলেন। তিনি গাড়ি থামালে এমনটা হতো না। এটা একটা ভুল-বোঝাবুঝি ছিল।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com