প্রথম সমাচার ডেস্ক:
বনের ভেতরে একটি গাছের ডালে ঝুলছে মায়া হরিণের মৃতদেহ। নিচে দাঁড়িয়ে কয়েকজন ব্যস্ত হরিণটির চামড়া ছাড়ানো ও মাংস প্রস্তুতের কাজে। পাশে তীর-ধনুক হাতে দাঁড়িয়ে আছেন আরেক ব্যক্তি। দেখে মনে হতে পারে, এটি বিচ্ছিন্ন কোনো শিকারের ঘটনা। কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
অভিযোগ রয়েছে, ধনাঢ্য ব্যক্তি ও বিভিন্ন রেস্টুরেন্ট থেকে আগাম মাংসের অর্ডার নিয়ে পরিকল্পিতভাবে হরিণ শিকার করে একটি চক্র। শিকার করা হরিণের মাংস বিক্রি হয় কেজিপ্রতি ২ হাজার ৫০০ টাকায়।
ঘটনাটি হবিগঞ্জের রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনের হাতিমারা অংশের। দেশের গুরুত্বপূর্ণ এই প্রাকৃতিক বনে বন্যপ্রাণী সংরক্ষণে নানা উদ্যোগ নেওয়া হলেও থামছে না মায়া হরিণ শিকার। দেশীয় তীর-ধনুক, ফাঁদ, এমনকি অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে শিকারিরা বনে প্রবেশ করছেন বলে অভিযোগ রয়েছে। বন বিভাগের অভিযান ও প্রতিরোধমূলক তৎপরতার পরও শিকারিদের তৎপরতা অব্যাহত থাকায় বন্যপ্রাণী সংরক্ষণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ১৬ নভেম্বর বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন সংঘ (ওয়াইল্ড অ্যানিম্যাল এইড) হরিণ কাটার একটি ছবি ও ভিডিও প্রকাশ করার পর বিষয়টি সামনে আসে। সংগঠনটির দাবি, গত ১৩ নভেম্বর সকালে পাঁচ ব্যক্তি মিলে একটি মায়া হরিণ শিকার করেন। পরে বনের ভেতরে রিসিং পুঞ্জি এলাকায় একটি গাছে হরিণটি ঝুলিয়ে চামড়া ছাড়ানোর সময় সংগঠনটির এক সদস্য সেখানে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। ওই সদস্যের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যান।
বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন সংঘের সভাপতি রবি কস্তার দাবি, এটি নিছক শখের বশে বন্যপ্রাণী শিকারের ঘটনা নয়। এর পেছনে রয়েছে মাংস বিক্রির বাণিজ্যিক উদ্দেশ্য। একটি মায়া হরিণ থেকে সাধারণত ১৮ থেকে ২২ কেজি মাংস পাওয়া যায়। শিকারিরা সেই মাংস কেজিপ্রতি ২ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করেন।
রবি কস্তার ভাষ্য অনুযায়ী, শিকারিরা আগে থেকেই ধনাঢ্য ব্যক্তি ও বিভিন্ন রেস্টুরেন্ট থেকে মাংসের অর্ডার সংগ্রহ করেন। এরপর সেই চাহিদা পূরণে বনে গিয়ে হরিণ শিকার করেন। অর্থাৎ বন্যপ্রাণী হত্যার পেছনে ক্রেতাগোষ্ঠী ও সরবরাহব্যবস্থা কাজ করছে বলে অভিযোগ উঠেছে।
এই হিসাবে একটি হরিণের মাংস বিক্রি করে ৪৫ হাজার থেকে ৫৫ হাজার টাকা পাওয়া সম্ভব। ফলে বন্য প্রাণী শিকারকে কেন্দ্র করে লাভজনক অবৈধ বাণিজ্য গড়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। তবে কথিত ক্রেতা, রেস্টুরেন্ট কিংবা মাংস সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এখনও যাচাই করা সম্ভব হয়নি।
রবি কস্তা জানান, সম্প্রতি প্রকাশিত ছবি ও ভিডিওর ঘটনায় যাদের নাম পাওয়া গেছে, তারা সবাই হাতিমারা চা-বাগানের শ্রমিক। তাদের নাম উদয় উরাং, হেমন্ত সাঁওতাল, উক্কাল উরাং, দীপাই উরাং ও সঞ্জল চৌহান। সংগঠনটির দাবি, এই পাঁচজনই হরিণ শিকারের সঙ্গে জড়িত। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
তীর-ধনুকের পাশাপাশি বিভিন্ন স্থানে ফাঁদ পেতেও হরিণ শিকার করা হয়। এমনকি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়েও শিকারিরা বনে প্রবেশ করেন বলে জানিয়েছেন বন বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
প্রকাশিত ভিডিওতে দীপাই উরাং নামের এক ব্যক্তিকে তীর-ধনুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কার অনুমতিতে হরিণ শিকারে এসেছেন, এমন প্রশ্ন করা হলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অন্যদিকে কয়েকজনকে গাছে ঝুলিয়ে হরিণটির মাংস প্রস্তুত করতে দেখা যায়।
১২০০ একর বন রক্ষায় দায়িত্বে মাত্র দুজন
হাতিমারা চা-বাগানের পাশেই বন বিভাগের রশিদপুর বিট। এই বিটের দায়িত্বে রয়েছেন বিট কর্মকর্তা রেজভী আহমেদ। তিনি জানান, রশিদপুর ও হাতিমারা এলাকায় নিয়মিত প্রায় দেড় শতাধিক মায়া হরিণ বিচরণ করে। তবে ১ হাজার ২০০ একর আয়তনের রশিদপুর বিটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন মাত্র দুজন। তাদের একজন তিনি নিজে।
রেজভী আহমেদ বলেন, এত বড় বনাঞ্চল মাত্র দুজন জনবল দিয়ে রক্ষণাবেক্ষণ করা খুবই কঠিন। তারপরও গত দুই বছরে হরিণ শিকার প্রতিরোধে মোট সাতটি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে শিকারিদের প্রতিহত করতে নয় রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তিনটি পাই (বনমোরগ ধরার অস্ত্র) উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, শিকারিরা দেশীয় তীর-ধনুক ব্যবহার করে বন্যপ্রাণী হত্যা করেন। পাশাপাশি বনের বিভিন্ন স্থানে ফাঁদ পেতে রাখেন। এমনকি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়েও তারা এলাকায় প্রবেশ করেন।
বন বিভাগের এই কর্মকর্তা জানান, ছয় মাস আগে শিকারিদের ধরতে গেলে তারা দুই বনরক্ষীকে লক্ষ্য করে তীর ছোড়েন। পরিস্থিতি মোকাবিলায় পরে বনরক্ষীরা পাঁচ রাউন্ড গুলি ছোড়েন।
তবে হাতিমারা চা-বাগান রশিদপুর বিটের সীমানা থেকে আনুমানিক ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। এলাকাটি তার বিটের নিয়ন্ত্রণাধীন নয় বলেও জানান রেজভী আহমেদ।
বন বিভাগের জনবলসংকট, দুর্গম বনাঞ্চল এবং শিকারিদের আক্রমণাত্মক অবস্থানের কারণে বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত নজরদারি কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সম্প্রতি প্রকাশিত ছবি ও ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন বিট কর্মকর্তা রেজভী আহমেদ। ঘটনার সত্যতা যাচাইয়ের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সিলেট বন বিভাগ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া গেছে। ঘটনায় যাদের নাম এসেছে, তাদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: মূল প্রতিবেদন
