মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

আ.লীগের কেন্দ্রীয় ৩ নেতার ভার্চুয়াল বৈঠক, দেশ অস্থিতিশীল করার ভয়ংকর নীলনকশা ফাঁস

Icon প্রথম সমাচার ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় তিন নেতার একটি ভার্চুয়াল বৈঠকের অডিও রেকর্ড ফাঁস হয়েছে। বৈঠকে দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে দেওয়া পোস্টে বিষয়টি ফাঁস করেন।

বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগ নেতারা হলেন সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন।

ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের লিখেছেন, গত ১৫ নভেম্বর একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে তাদের নেতাকর্মীদের নানা নির্দেশনা দেন। বৈঠকের অডিও রেকর্ড আমার হাতে এসেছে, যা এখানে সংযুক্ত করা হলো।

রেকর্ডে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, আগামী ১৯ নভেম্বর দলটির ঘোষিত লকডাউন সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি করে বাড়িতে আগুন দিতে হবে। এ সময় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর শারীরিক নির্যাতন, এমনকি প্রয়োজনে হত্যার কথাও বলেন তিনি। এ সময় ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে গালাগাল করতেও শোনা যায়।

জুলকারনাইন সায়ের আরও লিখেন, ভারতে আশ্রয় নেওয়া পলাতক আওয়ামী লীগ নেতারা সে দেশের মাটিতে বসে বাংলাদেশে অগ্নিসংযোগ ও হত্যার নির্দেশ দিচ্ছেন—বাংলাদেশ সরকারের উচিত বিষয়টি অবিলম্বে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে তোলা এবং জানতে চাওয়া, তাদের ভূখণ্ড থেকে প্রতিবেশী দেশের বিরুদ্ধে এমন প্রতিহিংসামূলক ধ্বংসাত্মক অপতৎপরতা চালানোর সুযোগ তারা কীভাবে দিচ্ছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com