শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে বিদায় নিয়েছেন বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, তৎকালীন সময়ে তার উচিত ছিল নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের কথা শোনা এবং তাদের সংবর্ধনা দেওয়া।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শিবির সভাপতি বলেন, তিনি মিঠা খেয়েছেন, কিন্তু আমাদের একবার ডেকে নিয়ে সংবর্ধনা দেওয়া তো দূরের কথা, ন্যূনতম কথা শোনারও প্রয়োজনীয়তা অনুভব করেননি।

অনুষ্ঠানে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের আমন্ত্রণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও হল সংসদের ছাত্রনেতারা অংশগ্রহণ করেন।

সাদ্দাম বলেন, ছাত্র সংসদ নির্বাচনের পর তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব ছিল ছাত্রনেতাদের সঙ্গে কথা বলা। যে আন্দোলনের ফসল হিসেবে এবং ছাত্রদের রক্তের বিনিময়ে তিনি ওই চেয়ারে বসেছিলেন, সেই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছাত্রনেতাদের মতামত শোনা ছিল তার মৌলিক দায়িত্ব।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে ছাত্রনেতাদের মতামত শোনা এবং দেশ পরিচালনায় তাদের সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করা উচিত ছিল। কিন্তু তিনি দেশকে গভীর সংকটের মধ্যে রেখে বিদায় নিয়েছেন।

সাদ্দাম আরও বলেন, ড. ইউনূস গণভোটের কথা বলেছিলেন। ছাত্র সংসদগুলোর পক্ষ থেকে বারবার রাজপথে দাঁড়িয়ে দ্রুত গণভোট আয়োজনের দাবি জানানো হয়েছিল। একই সঙ্গে গণভোট বাস্তবায়নের পর জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বানও জানানো হয়েছিল। কিন্তু তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র সংসদগুলোর কথা শোনেনি, ছাত্র প্রতিনিধিদের মতামতকেও গুরুত্ব দেয়নি।

তিনি বলেন, যা হওয়ার, তাই হয়েছে। আমাদের কথাগুলো না শোনার কারণে বাংলাদেশ এখন একটি অনিশ্চিত পরিণতির দিকে ধাবিত হচ্ছে। এ জন্য দায়ী অন্তর্বর্তীকালীন সরকার এবং তৎকালীন সময়ে যারা সরকার পরিচালনার দায়িত্বে ছিলেন।

শিবির সভাপতি বলেন, নির্বাচনের পর বর্তমান সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ডেকে তাদের মতামত শুনবে বলে তারা আশা করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত বিদ্বেষের কারণে সরকার ছাত্র সংসদের প্রতিনিধিদের আমন্ত্রণ জানায়নি।

তিনি আরও বলেন, সরকারের যে দায়িত্ব পালন করার কথা ছিল, তা না করায় বিরোধীদলীয় নেতা ও মানবিক নেতা তাদের মূল্যায়ন করেছেন এবং তাদের কথা শুনেছেন। ছাত্র প্রতিনিধিদের পরামর্শগুলো তাদের কাছে পাঠানো হলে সেগুলো জামায়াতের আমিরের কাছে আরও পৌঁছে দেওয়া হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com