মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Logo
×

‘ইসলামী আন্দোলন ধ্বংসে ফ্যাসিবাদী শক্তির সঙ্গে বিএনপির আঁতাত ছিল কি না, প্রশ্ন মানুষের মনে’

Icon প্রথম সমাচার ডেস্ক

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গোপন কোনো আঁতাত করে ইসলামি আন্দোলন ধ্বংসের কোনো চক্রান্ত বিএনপির ছিল কি না, তা নিয়ে আজও মানুষের মনে প্রশ্ন রয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত ‘রক্তে ভেজা ২৮ অক্টোবর, ফ্যাসিবাদের উত্থান: কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “আগে যে চাঁদাবাজি, খুন ও দখলদারি চলত, তা এখনো বহাল রয়েছে; কেবল মানুষের নামগুলো বদলে গেছে।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, তৎকালীন চার দলীয় জোট সরকারের মেয়াদের শেষ দিনে (২০০৬ সালের ২৮ অক্টোবর) জামায়াত ঐক্যবদ্ধ কর্মসূচির আহ্বান জানালেও বিএনপি তাতে রাজি হয়নি। তিনি প্রশ্ন তোলেন, ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গোপন কোনো আঁতাত করে ইসলামি আন্দোলন ধ্বংসের কোনো চক্রান্ত বিএনপির ছিল কি না, তা নিয়ে আজও মানুষের মনে প্রশ্ন রয়েছে।

তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যাহার করা মামলাগুলো পুনরুজ্জীবিত করার আহ্বান জানান।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আবদুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ডাকসু ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম), আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলামসহ ২০০৬ সালের ২৮ অক্টোবরে নিহতদের পরিবারের সদস্যবৃন্দ।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com