বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Logo
×

কর্মসূচি নিয়ে ফেসবুকে ছেলের পোস্ট, বাবা গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে ছেলের ফেসবুকে ভিডিও প্রকাশের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মোশাররফ হোসেন খোকন (৫০) জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার ছেলে শাহাদাৎ হোসেন চয়ন নান্দিনা সাংগঠনিক উপজেলা শাখা ছাত্রলীগের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে চয়ন নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ডাকা কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। এরপর চয়নকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে তাকে বাড়িতে না পেয়ে তার বাবা মোশাররফ হোসেন খোকনকে গ্রেপ্তার করে নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল।

এদিকে বাবাকে গ্রেপ্তারের পরও বুধবার দুপুর পর্যন্ত চয়নের ফেসবুক আইডিতে ওই ভিডিওটি সক্রিয় দেখা গেছে।

নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক জানান, চয়নের ফেসবুক পোস্টে নাশকতার হুমকি ছিল। পাশাপাশি তার বাবা বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com