প্রথম সমাচার ডেস্ক:
মাঠে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র। একপর্যায়ে লাল কার্ড দেখে মাঠও ছাড়তে হয়েছে এক ফুটবলারকে। তবে ভারত ও ফিলিস্তিনের অনূর্ধ্ব-১৭ দলের ম্যাচ ঘিরে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে অন্য একটি ঘটনায়। ভারতীয় অধিনায়কের উদ্দেশে বর্ণবাদী অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে ফিলিস্তিনের এক ফুটবলারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। যদিও বর্ণবাদী আচরণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ফিলিস্তিনি ফুটবলার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়ামে ২০২৭ সালের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে মুখোমুখি হয় ভারত ও ফিলিস্তিন। গ্রুপ 'ই'-এর ম্যাচে ফিলিস্তিনকে ৪-১ গোলে হারায় ভারত। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
অভিযোগ অনুযায়ী, ম্যাচ চলাকালে ভারতের অধিনায়ক দালালমুয়োন গাংতের সামনে দিয়ে যাওয়ার সময় নাকের কাছে হাত নাড়ান ফিলিস্তিনের মিডফিল্ডার তাহা সুয়েইদান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাংতের কাছাকাছি গিয়ে নিজের নাকের সামনে হাত নাড়ছেন তিনি।
ভারতীয় ফুটবলারের শরীর থেকে দুর্গন্ধ আসছে বলে ইঙ্গিত করতে এমন অঙ্গভঙ্গি করা হয়েছে, এমন অভিযোগ ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে এটিকে দক্ষিণ এশীয়দের প্রতি অবমাননাকর ধারণার প্রকাশ হিসেবেও ব্যাখ্যা করেন। তবে অঙ্গভঙ্গিটির উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে ভিন্ন বক্তব্য রয়েছে।
ঘটনাটি নিয়ে মাঠেই দুই ফুটবলারের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে দক্ষিণ কোরিয়ার রেফারি কো মিনকুক এগিয়ে এসে তাঁদের সতর্ক করেন।
ঘটনার পরদিন বুধবার (১৮ নভেম্বর) এএফসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার কথা জানায় ভারতীয় ফুটবল ফেডারেশন।
এক বিবৃতিতে এআইএফএফ জানায়, ১৭ নভেম্বরের ভারত-ফিলিস্তিন ম্যাচে ভারতীয় অধিনায়ক দালালমুয়োন গাংতের প্রতি ফিলিস্তিনি এক ফুটবলারের কথিত বর্ণবাদী অঙ্গভঙ্গির বিষয়ে এএফসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে।
সংস্থাটি এএফসিকে ম্যাচের ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং প্রযোজ্য বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

সুজানগরে এনসিপির উপজেলা চেয়ারম্যান প্রার্থী লেখক-সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ
চাঁদপুরে দুই অবৈধ ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
‘হেলিকপ্টারে পালিয়েছেন শেখ হাসিনা, আপনারা নৌকা-রিকশাও পাবেন না’