প্রথম সমাচার ডেস্ক:
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর সম্ভাব্য উপনির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর নেতাদের তৎপরতা বেড়েছে।
বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতা এ আসনে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের কেউ দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক ত্যাগকে মনোনয়নের যোগ্যতা হিসেবে তুলে ধরছেন, আবার কেউ গুরুত্ব দিচ্ছেন এলাকার উন্নয়ন ও জনসম্পৃক্ততাকে।
সম্ভাব্য প্রার্থীদের বক্তব্যে উঠে এসেছে যোগাযোগব্যবস্থা, কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও মাদক নিয়ন্ত্রণের বিষয়গুলো। অন্যদিকে স্থানীয় ভোটারদের প্রত্যাশা, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে থাকবেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যার সমাধানে কাজ করবেন এমন একজন জনপ্রতিনিধি।
করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ভিপি সুমনও বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তিনি গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেন।
সাইফুল ইসলামের দাবি, তৃণমূলের মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং তাদের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ততাই তার বড় শক্তি। দলীয় মনোনয়ন পেলে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নদী-নালা ও খাল-বিল সংস্কার এবং মানুষের জীবিকা ও জীবনমানের পরিবর্তনে কাজ করতে চান তিনি। পাশাপাশি যুবসমাজকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত সমাজ গঠন এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লাও মনোনয়নপ্রত্যাশী। তিনি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আহ্বায়ক এবং জেলা যুবদলের আহ্বায়কের দায়িত্বেও ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় যুবদলের সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়নপ্রত্যাশী ছিলেন জাহাঙ্গীর আলম। তবে দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেন। এবার দল তাকে মূল্যায়ন করলে বিপুল ভোটে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করতে চান।
তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ছাত্রদলের সভাপতি এবং দীর্ঘদিন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।

বরিশাল টার্মিনালে বাসে আগুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা
সিরাজগঞ্জে আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন