মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

শূন্য ঘোষিত হওয়া কিশোরগঞ্জ-৩ আসনে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

আব্দুর রহমানেল বলেন, ‘কমিশন এখনও আনুষ্ঠানিক কোনো তফসিল তৈরি করেনি। আগামীকাল আমাদের আলোচনা হবে। সংবিধানে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। আমরা সেই আইন মেনেই চলব।’

তিনি আরও বলেন, ‘সময় নির্ধারণে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে সংসদীয় আসনটির উপনির্বাচন করা যায় কি না, তা খতিয়ে দেখছে কমিশন।’

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও বিশ্ব ইজতেমার বিষয়টিও নির্বাচনের সময়সূচি নির্ধারণে বিবেচনায় নেওয়া হচ্ছে। এসব দিক বিবেচনা করে উপযুক্ত সময় নির্ধারণ করা হবে এবং ৯০ দিনের মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে।’

এর আগে শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ফলে আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রণয়ন শাখা-২ এর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, গত ১৪ নভেম্বর ওসমান ফারুক পদত্যাগ করেছেন। এ সময় তিনি আরও জানান, বিধি অনুযায়ী, এ আসনটি শূন্য হয়েছে গত ১৫ নভেম্বর থেকে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com