প্রথম সমাচার ডেস্ক:
পাবনার সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে ৭৭টি ককটেল উদ্ধার করেছে র্যাব। এ সময় ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে বিপুলসংখ্যক বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, পাবনা ক্যাম্পের একটি দল বিদ্যালয়ের অব্যবহৃত ভবনে তল্লাশি চালিয়ে এসব ককটেল ও সরঞ্জাম উদ্ধার করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে বিদ্যালয়ের পাশে নতুন ভবন নির্মাণের পর থেকে পুরোনো ভবনটি আর ব্যবহার করা হয় না। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ভবনটির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা সেখানে বিস্ফোরক মজুত কিংবা ককটেল তৈরির কাজ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার পলি রানী সরকার জানান, অভিযানে মোট ৭৭টি ককটেল উদ্ধার হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করতে রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়করণ দলের আসার কথা রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী তদন্তের জন্য উদ্ধার করা আলামত ঢাকায় পাঠানো হবে।
বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে এত বিপুলসংখ্যক ককটেল কীভাবে এল, কারা এগুলো সেখানে রেখেছে এবং এর পেছনে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সচেতন মহলের মতে, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে এ ধরনের বিস্ফোরক মজুতের ঘটনা উদ্বেগজনক। বিশেষ করে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন জরুরি।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘূর্ণিঝড় ‘আকভান’ নিয়ে সবশেষ তথ্য জানাল আবহাওয়া অফিস
সেই এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত
আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ : এনসিপি নেতা আখতার