সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Logo
×

কুঁচিয়া সংগ্ৰহেই জীবন চলছে মঙ্গল রায়ের

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পায়ের নিচে নিশ্চল হওয়া কাদামাটি আর চারপাশের নিস্তব্ধ জলাশয়েই যেন মঙ্গল রায়ের প্রতিদিনের চির চেনা জগত। কাদামাটি খুঁড়ে ও পুরোনো বিলের গর্ত বা নতুন গর্তের মুখে টোপ দিয়ে কুঁচিয়া শিকার করেই ২০ বছর ধরে চলছে তার জীবনযুদ্ধ।

এ যুদ্ধে তিনি একা নন, তার কুঁচিয়া সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবসার কাজে পাশে থেকে সহযোগিতা করেন তার স্ত্রী একাদশী। সমাজের কোলাহল থেকে দূরে, জল-কাদার মাঝে কুঁচিয়া শিকার করে বেঁচে থাকা মঙ্গলের এই জীবন সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় শ্রমের মর্যাদা এবং ভালোবাসার সংসার থাকলে হাজারো অভাবও কখনো মানুষকে হার মানাতে পারে না।

এ দম্পত্তির কুঁচিয়া শ্রমে ভর করেই চালাচ্ছেন ২ মেয়ের পড়াশুনার ব্যয়ভার। কুঁচিয়ার আয়ে মূলত সচল থাকে তাদের সংসারের চাকা।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চেয়ারম্যানপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করেন মঙ্গল রায় (৪২)। মঙ্গলের জীবন কেবল একটি ব্যতিক্রমী জীবিকার লড়াই নয়, বরং প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর ঘুরে দাঁড়ানোর এক অনন্য অনুপ্রেরণাদায়ক গল্পের চরিত্র। মঙ্গল রায়ের জীবন ও জীবিকা ওত প্রোতভাবে জড়িত প্রকৃতির চক্রের সঙ্গে। সারা বছর কম-বেশি কুঁচিয়া ধরা হলেও, বাংলা বছরের চৈত্র মাস যেন তাঁর জন্য আশীর্বাদ হয়ে আসে। এ সময় জলাশয় ও বিলের পানি কমে যাওয়ায় কুঁচিয়া সবচেয়ে বেশি পাওয়া যায়। কুঁচিয়া শিকারের কৌশলও বেশ বৈচিত্রময় ও শ্রমসাধ্য।

পুরোনো বিলের গর্ত বা নতুন গর্তের মুখে কখনো কেঁচো টোপ হিসেবে ব্যবহার করে বর্শির সাহায্যে কুঁচিয়া শিকার করা হয়। এছাড়া পেয়া, ইচিলা, পুঁটি কিংবা ছোট মাছ দিয়েও চলে কুঁচিয়া ধরার নানা ফন্দি। আবার কাঁদামাটি খুড়ে ধরা হয় কুঁচিয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, কুঁচিয়া ইল প্রজাতির মাছ। কুঁচিয়া দেখতে অনেকটা সাপের মতো। আবার বাইম মাছের মতোও। সাধারণত পুকুর, খাল-বিল ও ধানখেতের তলদেশে, মাটির গর্তে এগুলো থাকে। স্থানীয় মানুষের খাদ্য তালিকায় মাছটি না থাকলেও বিদেশে এই মাছের বেশ চাহিদা আছে।

প্রাকৃতিক উৎস থেকে এ মাছ সংগ্রহ হয়। নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত কুঁচিয়া ধরার উপযুক্ত সময়। এই কুঁচিয়া বিভিন্ন রোগ যেমন- রক্তশূন্যতা, শারীরিক দুর্বলতা, পাইলস, শাসকষ্ট বা অ্যাজমা, বাতজ্বর এবং হজমজনিত সমস্যা দূর করার জন্য অনেকে খেয়ে থাকেন। এক কেজি কুঁচিয়া ২৫০ থেকে ৩০০ টাকা দামে বিক্রি করা হয়।

সংসারের বাস্তবতায় একা নন মঙ্গল। তাঁর এই কুঁচিয়া সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবসার কাজে ছায়ার মতো পাশে থেকে সব ধরনের সব সময় সহযোগিতা করেন স্ত্রী একাদশী। স্বামী-স্ত্রীর যৌথ শ্রমে ভর করেই মূলত সচল থাকে তাদের সংসারের চাকা। ছয় সদস্যের পরিবারে তাঁর বৃদ্ধ শ্বশুর-শাশুড়িও রয়েছেন। তিন কন্যা সন্তানের এই সংসারে কোনো পুত্র সন্তান নেই। বড় মেয়ের বিয়ে হয়েছে, যার স্বামী মহেন্দ্র পেশায় একজন গাড়ি চালক। বাকি দুই মেয়ে এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com