প্রথম সমাচার ডেস্ক:
ফিলিপাইনের সভাপতিত্বে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দক্ষিণ চীন সাগরের আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) নিয়ে আলোচনা শেষ করতে পারেনি আসিয়ান ও চীন। তবে খসড়ার প্রায় ৮০ শতাংশ বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী রোববার এ তথ্য জানিয়েছেন।
দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়নে আসিয়ান ও চীনের মধ্যে আলোচনা দুই দশকেরও বেশি সময় ধরে চলছে। তবে বর্তমান সভাপতি হিসেবে ফিলিপাইন চলতি বছরই আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে গিয়ে আচরণবিধিটি চূড়ান্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল।
ম্যানিলায় ১১ সদস্যের অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সম্মেলনে এক সংবাদ সম্মেলনে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মা. তেরেসা লাজারো বলেন, ‘এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।’ তিনি জানান, আচরণবিধিটি আইনগতভাবে বাধ্যতামূলক হবে কি না, এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়েছে।
তিনি আরও বলেন, ‘আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি চীনেরও বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে।’
দক্ষিণ-পূর্ব এশিয়ার চীনের প্রতিবেশী দেশগুলো চায়, এই আচরণবিধি আন্তর্জাতিক আইনের ভিত্তিতে প্রণীত হোক। দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকার ওপর সার্বভৌমত্ব দাবি করতে গিয়ে বেইজিং বারবার আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে বলে অভিযোগ করে আসছে এসব দেশ।
অন্যদিকে, দক্ষিণ চীন সাগরে নিজেদের কর্মকাণ্ডকে আইনসম্মত ও পেশাদার বলে দাবি করে আসছে চীন।
দক্ষিণ চীন সাগরে চীনের বিস্তৃত সমুদ্রসীমার দাবির সঙ্গে ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) দাবির সংঘাত রয়েছে। উত্তেজনা বৃদ্ধি ঠেকানো এবং সমুদ্রে বিভিন্ন ঘটনা মোকাবিলায় কার্যকর আচরণবিধি প্রণয়নকে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
২০১৬ সালে একটি আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল রায় দিয়েছিল, আন্তর্জাতিক আইনের অধীনে দক্ষিণ চীন সাগরে চীনের বিস্তৃত দাবির কোনো ভিত্তি নেই। তবে বেইজিং ওই রায় প্রত্যাখ্যান করেছে।

বিএনপির মিছিল থেকে বেরিয়ে কলেজ অধ্যক্ষকে পিটিয়ে পা ভাঙার অভিযোগ
অক্টোবরে চীনের অর্থনৈতিক মন্দা আরও গভীর, প্রত্যাশা পূরণে ব্যর্থ শিল্প উৎপাদন
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: মার্কিন রাষ্ট্রদূত