প্রথম সমাচার ডেস্ক:
রাজবাড়ীর পাংশায় সরিষা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সোবহানকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বিএনপির একটি মিছিল থেকে বেরিয়ে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। হামলায় তার হাত-পা ভেঙে গেছে বলে দাবি করেছেন তিনি। রোববার রাতে পাংশা শহরের রেলস্টেশন এলাকার ফল বাজারে এ ঘটনা ঘটে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত এ বিষয়ে কোনও অভিযোগ না পাওয়ার বিষয়টি জানিয়েছেন পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।
ভুক্তভোগী আব্দুস সোবহান জানান, নাতির জন্য ফল কিনতে তিনি বাজারে গিয়েছিলেন। এ সময় বিএনপির একটি মিছিল আসতে দেখে তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। মিছিলটি অতিক্রম করার সময় কয়েকজন অপরিচিত ব্যক্তি মোটরসাইকেল দিয়ে তার পথরোধ করেন। পালানোর চেষ্টা করেও তিনি বের হওয়ার পথ পাননি। একপর্যায়ে তাকে হকি স্টিক, হাতুড়ি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায় হামলাকারীরা।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেয়ার পর বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন। তবে এ ঘটনায় এখনও থানায় কোনও লিখিত অভিযোগ করেননি তিনি।
আব্দুস সোবহান সরিষা সরকারি কলেজ জাতীয়করণের আগে সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। কলেজটি জাতীয়করণের পর থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে জানান তিনি।
আক্ষেপ প্রকাশ করে আব্দুস সোবহান বলেন, তার ওপর এ ধরনের হামলা হতে পারে, তা কখনও কল্পনাও করেননি। কারও সঙ্গে কোনও দিন ঝামেলা বা বিবাদে জড়াননি বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান বলেন, ‘ওটি ছাত্রদলের মিছিল ছিল। মিছিলে সরিষা ইউনিয়নের লোকজনও ছিল। চার-পাঁচটি ছেলে তাকে আঘাত করে। আমাদের লোকজনই সেগুলো ঠেকায়। এটি এলাকার ব্যক্তিগত শত্রুতার কারণে হতে পারে। তারপরও মিটিং ডেকেছি। সবাইকে সতর্ক করা হবে, যেন কেউ অহেতুক কোনও ঝামেলায় না জড়ায়।’
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেছেন। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত
স্বরাষ্ট্রমন্ত্রী এখন বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত: নাসীরুদ্দীন পাটওয়ারী
অক্টোবরে চীনের অর্থনৈতিক মন্দা আরও গভীর, প্রত্যাশা পূরণে ব্যর্থ শিল্প উৎপাদন