প্রথম সমাচার ডেস্ক:
অক্টোবরে চীনের অর্থনৈতিক মন্দা আরও গভীর হয়েছে। খুচরা বিক্রি, বিনিয়োগ ও শিল্প উৎপাদন, তিনটি খাতেই অর্থনীতিবিদদের পূর্বাভাস পূরণে ব্যর্থ হয়েছে দেশটি। এদিকে বিশ্লেষকেরা সতর্ক করেছেন, বৈদেশিক চাহিদার ওপর ক্রমবর্ধমান নির্ভরশীলতার কারণে বিদেশের অর্থনৈতিক পরিস্থিতির ধাক্কায় চীনের প্রবৃদ্ধি আরও বেশি ঝুঁকির মুখে পড়ছে।
সোমবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিনিয়োগের পতন আরও গভীর হয়েছে। একই সঙ্গে খুচরা বিক্রির প্রবৃদ্ধি আবারও শিল্প উৎপাদনের তুলনায় পিছিয়ে রয়েছে। আবাসন খাতের মন্দার কারণে টানা পঞ্চম বছরের মতো পরিবারের সম্পদের মূল্য কমে যাওয়ায় ভোক্তা ব্যয়েও স্থবিরতা দেখা দিয়েছে।
ভোগব্যয়ের পরিস্থিতি পরিমাপের অন্যতম সূচক খুচরা বিক্রি অক্টোবরে গত বছরের একই সময়ের তুলনায় ০.৪ শতাংশ বেড়েছে। অথচ বিশ্লেষকেরা এই হার ০.৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন। সেপ্টেম্বরে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ১.১ শতাংশ প্রবৃদ্ধির পর অক্টোবরে এ খাতের প্রবৃদ্ধি কমেছে।
অন্যদিকে গত মাসে শিল্প উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৪.৮ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের ৫.৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস পূরণ করতে পারেনি এ খাত। সেপ্টেম্বরে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ৫.৫ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় অক্টোবরে শিল্প উৎপাদনের প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমেছে।
চলতি বছরের প্রথম ১০ মাসে স্থায়ী সম্পদে বিনিয়োগ ৮.১ শতাংশ কমেছে। আবাসন ও অবকাঠামো খাতের বিনিয়োগও এর অন্তর্ভুক্ত। চলতি বছর দেশটির অর্থনীতিতে বিনিয়োগের যে নজিরবিহীন পতন দেখা যাচ্ছে, তা আরও গভীর হয়েছে। কোভিড-১৯ মহামারির সময় বাদ দিলে এমন পতনের নজির নেই। বিনিয়োগ কমার এই হার বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায়ও অনেক বেশি। তাঁরা ৭ শতাংশ পতনের পূর্বাভাস দিয়েছিলেন।
অর্থনৈতিক স্থবিরতার প্রভাব পড়েছে শ্রমবাজারেও। অক্টোবরে বেকারত্বের হার সামান্য কমে ৫.১ শতাংশে দাঁড়িয়েছে। তবে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে শিক্ষার্থীদের বাদ দিয়ে হিসাব করা বেকারত্বের হার এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ১৮ শতাংশ।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের প্রবৃদ্ধি তৃতীয় প্রান্তিকে তিন বছরের সর্বনিম্ন অবস্থান থেকে কিছুটা ঘুরে দাঁড়ায়। এ সময় আগের বছরের একই সময়ের তুলনায় দেশটির অর্থনীতি ৪.৫ শতাংশ সম্প্রসারিত হয়।
গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে ৫ শতাংশ প্রবৃদ্ধির পর চলতি বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৪.৬ শতাংশে দাঁড়াতে পারে। ২০২৭ সালে তা আরও কমে ৪.৫ শতাংশ হতে পারে।

কুমিল্লায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত
স্বরাষ্ট্রমন্ত্রী এখন বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত: নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপির মিছিল থেকে বেরিয়ে কলেজ অধ্যক্ষকে পিটিয়ে পা ভাঙার অভিযোগ