প্রথম সমাচার ডেস্ক:
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১২০ জন শিক্ষার্থী এবং আগের ফলাফলে অকৃতকার্য থাকা ৫০৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তবে পুনঃনিরীক্ষণের আবেদন করেও অকৃতকার্যই রয়ে গেছে ৫৫৮ জন।
সোমবার (২৩ নভেম্বর) পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশের পর কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ২৫ হাজার ১৯৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে ৬ হাজার ৪১০ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে এবং সব মিলিয়ে গ্রেড পরিবর্তন হয়েছে ১ হাজার ৬৬২ জনের।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, আবেদনকারীদের মধ্যে এক বিষয়ে ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৫৮৬ জনের, দুই বিষয়ে ২১১ জনের এবং তিন বিষয়ে ফল পরিবর্তন হয়েছে ১৬ জন শিক্ষার্থীর।
ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শফিকুল ইসলাম বলেন, সর্বোচ্চ সতর্কতা ও নির্ভুলভাবে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের চেষ্টা করা হয়েছে। পুনঃনিরীক্ষণের পর যাদের ফলাফল পরিবর্তন হয়েছে, তারা নিয়ম অনুযায়ী কলেজে ভর্তি হতে পারবে।
সূত্র: মূল প্রতিবেদন
