সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

বগুড়ায় স্কুলছাত্র হত্যা মামলায় যুবদল নেতা আল আমিন জনকে দল থেকে অব্যাহতি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যা মামলার আসামি যুবদল নেতা আল আমিন জনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ সোমবার জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আল আমিন জন বগুড়া শহর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বগুড়া শহর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আল আমিন জনকে তাঁর বর্তমান পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় খান্দার এলাকায় ধূমপান করার দৃশ্য ভিডিও করাকে কেন্দ্র করে বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মনিরুল ইসলাম গালিবকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরদিন সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গালিব মারা যায়। এ ঘটনায় যুবদল নেতা জন, তাঁর ছোট ভাই জিসানসহ চারজনের নামে বগুড়া সদর থানায় গালিবের মা ইয়াসমিন খাতুন বাদী হয়ে মামলা করেন। এ ছাড়া বিক্ষুব্ধ এলাকাবাসী খান্দার পাসপোর্ট অফিস এলাকায় জনের বাবার ফুটপাতের দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, গালিব হত্যা মামলার প্রধান আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com