প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর হাতিরঝিলে রামপুরা ওয়াপদা রোডের বাগিচারটেক এলাকায় একটি রিকশার গ্যারেজে দুর্বৃত্তদের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক যুবককে ছুরিকাঘাত এবং অপর একজনকে গুলি করা হয়েছে। এতে অটোরিকশাচালক মোহাম্মদ শরীফ (২৮) ও কাতার প্রবাসী সানাউল্লাহ গনি বাবু (২৫) আহত হয়েছেন।
গুলিবিদ্ধ বাবুর বুকের বাম পাশে ও ডান পায়ে গুলি লেগেছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বাগিচারটেক এলাকার কাদিরের গ্যারেজে এ ঘটনা ঘটে।
আহত দুজনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
আহত শরীফকে হাসপাতালে নিয়ে আসা সুমন জানান, দুপুর দেড়টার দিকে টোকাই সুজন গ্রুপের হাসনাইন, হাসিব ও নূরুসহ তিন থেকে চারজন ওই গ্যারেজে এসে হামলা চালায়। এ সময় শরীফকে ছুরিকাঘাত করা হয়। সানাউল্লাহ গনি বাবুকে পিস্তল দিয়ে লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারীরা। এতে তার বুকের বাম পাশে ও ডান পায়ে গুলি লাগে। হামলা শেষে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সুমন জানান, আহত শরীফের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুমপুকুর এলাকায়। তিনি বেলাল হোসেনের ছেলে। বর্তমানে হাতিরঝিলের ওই এলাকায় বসবাস করতেন।
গুলিবিদ্ধ বাবুর খালাতো ভাই মনির হোসেন জানান, সানাউল্লাহ গনি বাবু কাতারপ্রবাসী। দুই মাস আগে তিনি দেশে আসেন। একটি কাজের প্রয়োজনে ওই রিকশার গ্যারেজে গেলে দুর্বৃত্তদের হামলার শিকার হন।
মনির আরও জানান, বাবুর গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার পয়সা-বাকাই বাজার এলাকায়। তার বাবার নাম বারেক শেখ।
চিকিৎসকদের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান। তিনি জানান, রামপুরার বাগিচারটেক এলাকার একটি গ্যারেজে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে বাবুর বুকের বাম পাশে ও ডান পায়ে গুলির আঘাত রয়েছে। দুজনকেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, কী কারণে তাদের ওপর এ হামলা চালানো হয়েছে, তা এখনো বিস্তারিত জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলি, আহত ৫