ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসা চালিয়ে যেতে আর্থিক সহযোগিতা চেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিজয় মজুমদার। মায়ের চিকিৎসায় ইতোমধ্যে পরিবারের ১০ থেকে ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও ১১টি টার্গেটেড থেরাপি দিতে প্রয়োজন প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ে পরিবারের আর্থিক সামর্থ্য প্রায় শেষ হয়ে আসায় সমাজের সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
বিজয় মজুমদার জানান, তাঁর মা দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। মাকে সুস্থ করে তুলতে ইতোমধ্যে ছয়টি কেমোথেরাপি, একটি অস্ত্রোপচার এবং ১৯টি রেডিওথেরাপি সম্পন্ন করা হয়েছে। কিন্তু এত চিকিৎসার পরও পুরোপুরি শেষ হয়নি চিকিৎসাপ্রক্রিয়া। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সুস্থতার জন্য আরও ১১টি টার্গেটেড থেরাপি নিতে হবে।
তিনি জানান, এসব থেরাপির জন্য আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসার পেছনে বিপুল অর্থ ব্যয় হওয়ায় নতুন করে এই অর্থের সংস্থান করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। ফলে মায়ের পরবর্তী চিকিৎসা চালিয়ে নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিজয় বলেন, অর্থের অভাবে যেন মায়ের চিকিৎসা বন্ধ হয়ে না যায়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, সমাজের বিত্তবান ব্যক্তি এবং দেশ-বিদেশে অবস্থানরত সহৃদয় মানুষের কাছে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।
মায়ের চিকিৎসায় সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে ০১৯৬৮৪০২১৩১ নম্বরে অর্থ পাঠানো যাবে। এ ছাড়া ডাচ্-বাংলা ব্যাংকের ১১৭১০৩০৮১৫২৩০ নম্বর হিসাবেও সহায়তা পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি। হিসাবের নাম জয় মজুমদার, যিনি বিজয়ের দাদা।
মায়ের চিকিৎসা অব্যাহত রাখতে সবার সামান্য সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন বিজয়। তাঁর আশা, বিশ্ববিদ্যালয় পরিবার ও সমাজের সহৃদয় মানুষের সম্মিলিত সহযোগিতায় মায়ের চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হবে।

কৃষি গুচ্ছের ভর্তি পদ্ধতিতে আসছে পরিবর্তন, উদ্যোগ ইউজিসির
শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা বাড়াতে মাউশির নতুন নির্দেশনা
ইয়াবাসহ আটক নোবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান, সাবেক ছাত্রলীগ নেতা