রোববার, ১৫ নভেম্বর ২০২৬
Logo
×

বাংলা জানা প্রার্থীদের জন্য নিউইয়র্কে ঘণ্টায় ২২ ডলারের চাকরি

Icon প্রথম সমাচার ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলা ভাষায় দক্ষ প্রার্থীদের জন্য চাকরির সুযোগ রয়েছে। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে (এনওয়াইপিএল) আফটার স্কুল টিউটর পদে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। খণ্ডকালীন এ চাকরিতে ঘণ্টায় ২২ ডলার বেতন দেওয়া হবে। বাংলা ভাষার পাশাপাশি আরও কয়েকটি ভাষায় দক্ষতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।

নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির (এনওয়াইপিএল) অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ম্যানহাটনের ব্লুমিংডেল লাইব্রেরি। সপ্তাহে চার দিন—সোমবার থেকে বৃহস্পতিবার—মোট ১৬ ঘণ্টা কাজ করতে হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে চার ঘণ্টার শিফট নির্ধারণ করা হবে।

এ পদে নিয়োগপ্রাপ্তদের ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের পড়াশোনায় সহায়তা করতে হবে। স্কুলের বাড়ির কাজ বুঝিয়ে দেওয়া, গণিত, ইংরেজি, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা এবং শিশুদের জন্য শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের উপস্থিতির হিসাব রাখা, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ এবং লাইব্রেরির অন্যান্য কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করাও দায়িত্বের অংশ।

আবেদনের জন্য স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত এবং অন্তত দুই বছর পড়াশোনা সম্পন্ন করেছেন, এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি শিশু বা কিশোরদের পড়ানো কিংবা টিউটর হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীদের প্রাথমিক পর্যায়ের গণিত, বিজ্ঞান, ইংরেজি ও সামাজিক বিজ্ঞানের মৌলিক বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। গুগল অ্যাপ্লিকেশন ও মাইক্রোসফট অফিস ব্যবহারের দক্ষতাও প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে বাংলা, আরবি, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু ভাষায় দক্ষতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, বাংলা জানা এ পদের জন্য বাধ্যতামূলক নয়। তবে বাংলা ভাষায় যোগাযোগ করতে পারলে আবেদনকারীরা বাড়তি সুবিধা পেতে পারেন।

ঘণ্টায় ২২ ডলার হিসাবে সপ্তাহে ১৬ ঘণ্টা কাজ করলে একজন কর্মীর সাপ্তাহিক আয় হবে ৩৫২ ডলার। তবে স্কুলের ছুটি ও নির্ধারিত বিরতির সময় নিয়মিত কাজের সূচি থাকবে না। স্টাফ মিটিং ও প্রশিক্ষণের জন্য মাঝেমধ্যে অতিরিক্ত সময় দিতে হতে পারে।

আগ্রহী প্রার্থীরা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে ‘NYPL After School Tutor – Bloomingdale Library’ পদটি খুঁজে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য জীবনবৃত্তান্ত বা সিভি জমা দিতে হবে। আবেদন করার আগে নিয়োগের শর্ত, কর্মঘণ্টা এবং যুক্তরাষ্ট্রে কাজ করার প্রয়োজনীয় যোগ্যতা ও অনুমতি সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়া উচিত।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com