প্রথম সমাচার ডেস্ক:
বয়সভিত্তিক ক্রিকেটে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই বাংলাদেশের। তবে বয়সের বিভিন্ন ধাপ পেরিয়ে একজন ক্রিকেটারকে গড়ে তোলার প্রক্রিয়ায় রয়েছে ধারাবাহিকতার অভাব। দীর্ঘদিনের এই সমস্যা দূর করতে এবার বড় উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের বয়সভিত্তিক ক্রিকেটে অভিন্ন ও তথ্যনির্ভর কোচিং কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সংস্থাটি।
এ লক্ষ্যে বুধবার (২৫ নভেম্বর) বিসিবির চুক্তিবদ্ধ কোচদের সঙ্গে বৈঠক করেছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের উপদেষ্টা খালেদ মাহমুদ ও হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান মোহাম্মদ সালাউদ্দিন। বয়সভিত্তিক ক্রিকেটে কোচদের কাজের ধরন ও সংস্কৃতিতে পরিবর্তন আনাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বর্তমানে বয়সভিত্তিক ক্রিকেটের বিভিন্ন পর্যায়ের কোচদের মধ্যে পর্যাপ্ত সমন্বয় নেই। একজন ক্রিকেটার অনূর্ধ্ব-১৫ পর্যায়ে কী ধরনের প্রশিক্ষণ পেয়েছেন, অনূর্ধ্ব-১৭ পর্যায়ে তার নতুন কোচ অনেক সময়ই সে সম্পর্কে অবগত থাকেন না। ফলে ক্রিকেটারের উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হয়।
নতুন পরিকল্পনায় সেই সমস্যা দূর করতে চায় বিসিবি। বৈঠকে মূল বক্তব্য উপস্থাপন করা সালাউদ্দিন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন, বয়সভিত্তিক ক্রিকেটের প্রতিটি ধাপে একজন ক্রিকেটারের উন্নতির বিষয়ে সুস্পষ্ট ধারণা রাখতে হবে সংশ্লিষ্ট কোচদের।
সালাউদ্দিনের মতে, অনূর্ধ্ব-১৫ পর্যায়ে একজন ক্রিকেটারকে নিয়ে যে কাজ করা হয়েছে, অনূর্ধ্ব-১৭ পর্যায়ে গিয়ে যেন একই কাজের পুনরাবৃত্তি না হয়। বরং আগের ধাপের কাজ যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই তাকে আরও এগিয়ে নেওয়ার কাজ করবেন পরবর্তী কোচ।
কোচদের মধ্যে তথ্য আদান-প্রদানের পদ্ধতিতেও পরিবর্তন আনতে চায় বিসিবি। একজন ক্রিকেটারের দক্ষতা, দুর্বলতা ও উন্নতির চিত্র তুলে ধরতে মৌখিক প্রতিবেদনের পরিবর্তে সুনির্দিষ্ট তথ্য-উপাত্তকে প্রাধান্য দেওয়ার পরিকল্পনা রয়েছে বোর্ডের।
সালাউদ্দিন জানিয়েছেন, একজন ক্রিকেটার কী পারেন আর কী পারেন না, শুধু মৌখিকভাবে সেই তথ্য জানানো যথেষ্ট নয়। ক্রিকেটার এক ধাপ থেকে অন্য ধাপে গেলে তার উন্নতির গতিপথ সম্পর্কে পরবর্তী কোচের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকতে হবে।
এমন উদ্যোগ আরও অনেক আগেই নেওয়া উচিত ছিল বলে মনে করেন সালাউদ্দিন। তবে দেরিতে হলেও কাজটি শুরু হওয়ায় আশাবাদী দেশের অভিজ্ঞ এই কোচ।
এর আগে গত ২২ নভেম্বর ঢাকার বাইরে বিভিন্ন শহরে ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করে প্রতিভাবান কিশোরদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম। আগামী ২৮ নভেম্বর বোর্ড সভায় সেই প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে।
তৃণমূলে প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর পাশাপাশি ক্রিকেটারদের গড়ে তোলার প্রক্রিয়াতেও এবার ধারাবাহিকতা নিশ্চিত করতে চায় বিসিবি।
সূত্র: মূল প্রতিবেদন

সিঙ্গাপুর সফরে বাংলাদেশ নারী দলে দুই নতুন মুখ, পরিবর্তন ছয়টি